এখনো অপেক্ষায় বিটিসিএলের সেই কর্মকর্তা-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তা-কর্মচারীদের ভাগ্য এখনো ফেরেনি। সরকারি সুবিধায় চাকরি বজায় রাখার জন্য এসব কর্মকর্তা-কর্মচারী আদালতেও গিয়েছিলেন।আদালতের রায় অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের সরকারি অন্যান্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে পদায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।ডাক ও টেলিযোগাযোগসচিব (ভারপ্রাপ্ত) এবং বিটিসিএলের চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, বিটিসিএল বিষয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে মন্ত্রণালয় আপিলের প্রস্তুতি নিচ্ছে। কারণ, আদালতের রায় অনুযায়ী, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে তাঁদের প্রেষণে বা লিয়েনে পদায়ন করতে হলে আইনের নতুন ধারা তৈরি করতে হবে, যা খানিকটা সময়সাপেক্ষ বিষয়। তিনি জানান, ইতিমধ্যে বিটিসিএলের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই কর্তৃপক্ষের কাছে তাঁদের ‘অপশন লেটার’ জমা দিয়েছেন। এ বিষয়টিও আদালতের কাছে আপিলে উল্লেখ করা হবে।২০০৯ সালে সংসদে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধনী) আইন, ২০০৯ পাস করা হয়। ২০০৮ সালের ১ জুলাই থেকে টেলিকম ক্যাডার কর্মকর্তাদের মূল কর্মক্ষেত্র বিটিটিবিকে রূপান্তর করা হয় বিটিসিএলে। ওই আইনের মাধ্যমেই বিসিএস ক্যাডারের কর্মকর্তাসহ বিটিটিবির সবাইকে কোম্পানি গঠনের দিন থেকে পরবর্তী দুই বছর কোম্পানির চাকরি করতে বাধ্য করে আইন পাস করা হয়, যা গত বছরের ৩০ জুন শেষ হয়েছে। কিন্তু চাকরির সময়সীমা শেষ হলেও ডাক ও টেলিযোগাযোগ এবং সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো নীতিমালা বা এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। কেবল ‘অপশন’সংবলিত আবেদনপত্র বিলি করা হয়েছে, যার কোনো বাস্তবায়ন নেই। ফলে ব্যাপক অনিশ্চয়তা নিয়ে গত ১ জুলাই থেকে এ পর্যন্ত বিটিসিএলে কাজ করছেন সবাই। অন্যদিকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের পদও শূন্য। এ ছাড়া বিটিসিএলের নতুন অর্গানোগ্রামের জন্য কোনো নিয়োগ বিধিমালাও তৈরি করেনি মন্ত্রণালয়।বিধিমালা প্রসঙ্গে টেলিযোগাযোগসচিব বলেন, প্রাথমিক পর্যায়ে বোর্ড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেবে, নিয়োগপ্রাপ্ত এমডি অন্যদের নিয়োগ দেবেন। তাই আগে এমডি নিয়োগের বিধিমালা প্রস্তুত করার কাজ চলছে।বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব প্রথম আলোকে বলেন, গত জুলাই মাস থেকে বিভিন্ন সময় ‘অপশন’-এর নামে সময় নষ্ট করা হয়েছে। এখন আবার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। সরকারের কোনো পর্যায়ে এ নিয়ে কোনো নড়াচড়াও নেই, যা অতি দুঃখজনক।এদিকে ‘অপশন’ বা আদালতের রায় অনুযায়ী, বিটিসিএল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্যত্র স্থানান্তরের বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয় থেকেও কোনো সাড়াশব্দ নেই। সংস্থাপনসচিব ইকবাল মাহমুদের জবাব, ‘এখন কিছু বলতে পারব না।’উল্লেখ্য, বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন শুধু বিটিসিএলেই। আর সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকে এই ক্যাডারের যে কজন সদস্য লিয়েনে বা প্রেষণে কাজ করছিলেন, তাঁরাও ইতিমধ্যে বিটিসিএলে ফিরে এসেছেন। সর্বশেষ ২০০৬ সালেও এই ক্যাডারের আওতায় মোট ৩০ জন প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার দিকে চলে গেছে। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না। মন্ত্রণালয় আপিল করুক, আদালত যা রায় দেবেন, তাই করা হবে।’