এখনো কাজ শুরু করতে পারেনি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ দিন পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিএড (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো কাজই শুরু করেনি। এর মধ্যেই স্থগিত হয়ে যাওয়া ওই পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।গত ২২ জানুয়ারি সকালে আইইআরের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কারণে তা স্থগিত করা হয়। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ এফ এম মেজবাহউদ্দিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে। তবে তদন্ত কমিটির আহ্বায়ক থেকে শুরু করে সদস্যদের অনেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাননি বলে জানিয়েছেন। তদন্তের অগ্রগতি নিয়ে জানতে গতকাল মেজবাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটির ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে আমাকে কোনো চিঠি দেয়নি। তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু আমি জানি না। সাংবাদিকেরা আমাকে বারবার ফোন দিচ্ছেন বলে আমি বিব্রত বোধ করছি।’তদন্ত কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘কমিটির সদস্য হওয়ার চিঠি পেয়েছি।’ তদন্ত শুরু হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান যদি এখনো না জানেন, তাহলে তদন্ত কীভাবে শুরু হবে?অপর সদস্য প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে আমাকে এ সংক্রান্ত কোনো চিঠি দেয়নি। আমি এর মূল দায়িত্বে নই। কমিটির কেবল সদস্য আমি। এ ছাড়া তদন্ত কমিটি উপাচার্য নিজে গঠন করেছেন। তিনি ভালো বলতে পারবেন।’ গত ২২ জানুয়ারি সকালে আইইআরের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। ২২ জানুয়ারি রাতের প্রথম প্রহরে ক্যাম্পাস-সংলগ্ন নিউমার্কেট এলাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। আইইআরের ভর্তি পরীক্ষায় ১৬০টি আসনের বিপরীতে সাত হাজার ২২৩ জন পরীক্ষা দেবেন।