জাতীয় অন্ধ সংস্থার সাংগঠনিক সচিব ইদ্রিস আলী বেপারী (৪৩) খুনের ঘটনায় এখনো কোনো তথ্য পায়নি পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার হওয়া শুক্কুর আলীকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদই করা হয়নি।গত বুধবার দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা বকশীবাজারে জাতীয় অন্ধ সংস্থার কার্যালয়ে ঢুকে ইদ্রিস আলীকে খুন করে। এ ঘটনায় শুক্কুরকে প্রধান আসামি করে সাতজনের নামে চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম গতকাল সোমবার জানান, রোববার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে শুক্কুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তিনি এখন পর্যন্ত কিছুই বলেননি। মঙ্গলবার তাঁর রিমান্ড শেষ হয়ে যাবে।তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রবি ও সোমবার হরতালের দায়িত্ব পালনের পর সোমবার বিকেলে তাঁরা রথযাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ কারণে শুক্কুরকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি।তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জিজ্ঞাসাবাদে খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি শুক্কুর সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।পুলিশ জানায়, সংস্থার অনির্বাচিত চেয়ারম্যান মিনহাজউদ্দীন ও মহাসচিব আইয়ুব আলীর সমর্থক ছিলেন ইদ্রিস। আর তাঁদের প্রতিপক্ষ হলেন নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন ও মহাসচিব খলিলুর রহমানের (১ জানুয়ারি দুর্বৃত্তদের গুলিতে নিহত) সমর্থকেরা।