রাজধানীর গুলশান-২ এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ত্রুটিপূর্ণ নিরাপত্তা-বেষ্টনীর কারণে পার্শ্ববর্তী ছয়তলা ভবনের ধসে পড়া দেয়ালটি সরানো হয়েছে। সেখানে বালুর বস্তা ফেলার কাজ অব্যাহত রয়েছে। তবে পাশের দুটি ভবন এখনো নিরাপদ নয় বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা জানিয়েছেন। গত শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।গুলশানে ওয়ান্ডারল্যান্ডের পাশে ১০১ নম্বর রোডের ৬ নম্বর প্লটে ১২ তলার একটি আবাসিক ভবন নির্মাণের প্রাথমিক কাজ করছে ডমিনো নামে একটি প্রতিষ্ঠান। এ জন্য প্রায় ২০ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হয়েছে। ভিতের রড বাঁধার কিছু কাজও হয়েছে। রাজউকের দায়িত্বশীল সূত্র গতকালও দাবি করেছে, যথাযথভাবে চারপাশের নিরাপত্তাবেষ্টনী (শোর পাইলিং) না করাই এই দুর্ঘটনার মূল কারণ। গতকাল রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া রাজউকের একাধিক কর্মকর্তা সেখানে সার্বক্ষণিক আছেন। গুলশান এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা-৪ শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার সারা রাত দুর্ঘটনাস্থলে বালুর বস্তা ফেলা হয়েছে। ডমিনোর লোকজনকে দিয়েই ঝুঁকিপূর্ণ ভবনের পাশে বালু ফিলিং করা হচ্ছে। ফিলিংয়ের কাজ শেষ হওয়ার আগে পাশের ভবন দুটি ঝুঁকিমুক্ত বলা যাবে না। ভবনের দেয়াল বা রাস্তায় ফাটলের আশঙ্কা দেখা দিলে প্রায় ২০ ফুট গর্তও ভরাট করতে হবে। এ ছাড়া ভবনটি ঝুঁকিমুক্ত করার জন্য বাড়তি ব্যবস্থাও নিতে হচ্ছে। ডমিনোর মহাব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম বলেন, যত দূর সম্ভব বালুর বস্তা ফেলা হচ্ছে। এখন ঝুঁকি নেই বলেই আশা করা যায়।