এখনো দখলমুক্ত হয়নি হলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট হলের (ছাত্রাবাস) সংখ্যা ১১। কিন্তু বাণী ভবনের একাংশ ছাড়া কোনোটিই বিশ্ববিদ্যালয়ের দখলে নেই। একমাত্র খেলার মাঠ ধূপখোলা দখলে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলগুলোর দখল ফিরে পেতে আন্দোলন শুরু করে। এরপর প্রশাসনও হলগুলো উদ্ধারে অভিযানে নামে। কিন্তু এক বছরের ফলাফল শূন্য। উল্টো বেদখলে থাকা দুটি হলের দখল নিয়েছেন ক্ষমতাসীন দলের দুই নেতা।এমন পরিস্থিতিতেই আজ ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার আন্দোলনের এক বছর পালিত হবে। গত বছরের এই দিনে হল উদ্ধারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় পুলিশ। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর জের ধরে বিশ্ববিদ্যালয় টানা এক মাস বন্ধ থাকে। দিনটি পালন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হলগুলো উদ্ধার করতে না পারলে বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর আবাসন সংকটের সমাধান করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘পাঁচটি হল উদ্ধারের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগিরই এ বিষয়ে ভালো ফল পাওয়া যাবে।’গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলো ফেরত পেতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি আবেদন করে। এরপর শিক্ষাসচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন করে হলগুলো উদ্ধারে করণীয় ঠিক করতে ছয় সদস্যের একটি কমিটি করা হয়। কমিটি যাচাই-বাছাই করে পাঁচটি হলের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নামে ইজারা দেওয়ার সুপারিশ করে। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ৫ মে হলগুলোর দীর্ঘস্থায়ী ইজারা পেতে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে।এর এক মাস পর ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম ওই পাঁচটি হলের জায়গা প্রচলিত আইন অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ইজারা দেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসক ২৭ জুলাই একটি প্রতিবেদন দেন। গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক আরেকটি প্রতিবেদন দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ওই প্রতিবেদনে বলা হয়েছে, হাবিবুর রহমান হল ছাড়া আর কোনোটিই ইজারা দেওয়া সম্ভব নয়। তবে সরকারের মাধ্যমে জনস্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলো অধিগ্রহণের ব্যবস্থা করতে পারে। এতে শহীদ আনোয়ার শফিক, শহীদ আজমল হোসেন, শহীদ শাহাব উদ্দিন, তিব্বত ও হাবিবুর রহমান হল পুনরুদ্ধারের সম্ভাবনা আবার ক্ষীণ হয়ে এসেছে।তবে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ এখনো আশাবাদী। তিনি বলেছেন, ‘সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আমরা শিগগিরই হাবিবুর রহমান ও শহীদ আজমল হোসেন হল ইজারা এবং বাকি তিনটিসহ মোট আটটি হলের জায়গা অধিগ্রহণের জন্য সরকারের কাছে আবেদন করব।