এখনো রাস্তায় নামার ক্ষমতা রাখি: খালেদা জিয়া
দেশরক্ষায় জনগণকে বাঘ ও সিংহের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে সব সময় আছি, থাকব। রাস্তায় যেতে বললে এখনো রাস্তায় নামার মতো সাহস, ক্ষমতা রাখি।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর আয়োজন করে।
অনুষ্ঠানে খালেদা জিয়া ভারতকে কম মূল্যে ট্রানজিট দেওয়ার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘যমুনা সেতুতে ৭০০-৮০০ টাকা টোল দিতে হয়। বাস-ট্রাকের জন্য আলাদা ফি নির্ধারণ করা আছে। অথচ ১৯৫ টাকায় ট্রানজিট দেওয়া হলো, এটা লজ্জার। আজকে বাংলাদেশের কোনো স্বকীয়তা, স্বাধীনতা নেই।’
খালেদা জিয়া বলেন, সরকার দেশের মানুষকে আজ বিড়াল বানিয়ে রাখতে চায়। আর তেনারা (সরকার) আজীবন ক্ষমতায় থাকার জন্য বাঘ-সিংহ সবকিছুই হতে চায়। তিনি বলেন, ‘আজ সবাইকে টাইগারের ভূমিকায় আসতে হবে, লায়নের ভূমিকায় আসতে হবে। তাহলেই দেশটা রক্ষা করা যাবে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘বিডিআরের ৫৭ জন কর্মকর্তাকে শেষ করে দেওয়া হয়েছে। বাকিদের অবসরে পাঠানো হয়েছে। আজকে বিডিআর নেই, নামও বদলে দেওয়া হয়েছে। আমি বিডিআরই বলে যাব। এরা একসময় বাঘ ছিল, এখন বিড়াল।’ তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ বিভিন্ন উপদেশ দেন, কিন্তু সব কথা রাখতে পারি না। আমি বলব সবাইকে নিয়ে আসেন, আমি কথা বলব, সবার কথা শুনব। যেখানে বসতে চান আমি বসব, কথা বলতে রাজি আছি। কারণ, আমাদের সামনে কাজ হচ্ছে দেশটাকে রক্ষা করা।’
খালেদা জিয়ার আগে বক্তব্য দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন, ‘এখন দেশ চলছে এক ব্যক্তির কথায়। সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় মধ্যে ভারসাম্য আনতে হবে। এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আর আপনার দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ২০ জন করে এর মধ্যে ১৫ জন নির্বাচিত এবং ৫ জন আপনি নিজে নিয়োগ দেবেন, এটা আমার প্রস্তাব। এভাবে সারা দেশের জেলা কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে করলে ভালো হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, হাফিজ উদ্দিন আহম্মদ, এলডিপির সভাপতি অলি আহমদ; কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।