এগিয়ে যাচ্ছেন দলিত নারীরা

‘এলাকার লোক প্রতিনিয়ত বাবাকে চাপ দিচ্ছেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। বাবা সে কথা কানে নেন না। কলোনির অনেকের ধারণা, যেসব মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে একা একা বাইরে যায় তারা খারাপ। বেশি পড়ালেখা করাও খারাপ। ভদ্র মেয়েরা ঘরের বাইরে যায় না।’ গণকটুলী সিটি কলোনির বাসিন্দা সনু রাণী এভাবেই নিজের কথা প্রকাশ করলেন।
গত সোমবার রাজধানীর হাজারীবাগে গণকটুলী সিটি কলোনিতে সনুর সঙ্গে কথা হয়। সনুর মা এইচএসসি পাস ছিলেন। তেমন পড়াশোনা না জানা সনুর বাবাকে ‘সমাজ’ রক্ষার জন্য বিয়ে করেছিলেন। মা মারা গেছেন। বাবা আবার বিয়ে করেছেন বলে জানালেন ইডেন মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষে (বাণিজ্য) পড়ুয়া সনু। কথা বলার সময় আরেক কলেজ ছাত্রী লিজা রাণীও উপস্থিত ছিলেন। লিজা জানান, এখন তাঁরা নিজেদের অধিকার আদায়ে প্রতিবাদ করতে শিখেছেন।
লিজার মতো দেখা মিলল আরও অনেকের। হিন্দু ধর্মের বাল্মীকি, ডোমার, ডোম ও রবিদাস সম্প্রদায়ের এই দলিত নারীরা এখন আর বাপ-দাদার মতো ঝাড়ু-বালতি নিয়ে সুইপার বা পরিচ্ছন্নতাকর্মীর পেশায় কাজ করতে চান না। তাঁরা চান সরকার-ঘোষিত বিশ্ববিদ্যালয়ে কোটা চালুসহ বিভিন্ন ঘোষণার বাস্তবায়ন। নিজের যোগ্যতার সঙ্গে মিলে যায় তেমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে আগ্রহী তাঁরা। এই নারীরা বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিসহ বিভিন্ন অধিকার আদায়ে সোচ্চার হচ্ছেন। হিন্দি ও ভোজপুরির মিশেলে ভাষার পাশাপাশি তাঁরা বাংলায় কথা বলছেন। কথাবার্তার মধ্যে টুকটাক ইংরেজির মিশেলও থাকছে। তাঁদের পোশাক আর সাজসজ্জায়ও এসেছে আমূল এক পরিবর্তন। তাঁদের বেশির ভাগের বাসাতেই ফ্রিজ ও টেলিভিশন আছে।
সুমিতা জানান, তিনি ‘বেবি ক্লাস’-এর বইও পড়েননি। তবে তিন মেয়ে ও এক ছেলেকে পড়াচ্ছেন। মেজো মেয়ে অনার্সে পড়ছেন। গণকটুলির নারীদের জীবনে যে পরিবর্তন এসেছে, তা সুমিতার কণ্ঠেই স্পষ্ট। তাঁর ভাষায়,‘আগে মানুষ দেখলেই কাঁপানি উঠত। এখন পুলিশদের সঙ্গেও কথা বলতে পারি।’
দলিত সম্প্রদায়ের লোকজন এখন পর্যন্ত বিচার-সালিসের জন্য পঞ্চায়েতের ওপর নির্ভর করেন। তবে পঞ্চায়েতে নারীদের কোনো স্থান নেই। পঞ্চায়েতের সামনে দলিত নারীরা কথা বলতে পারেন না। তবে এই নারীরা এখন আর এই প্রথা মানতে চান না। পঞ্চায়েতে যাতে নারীদের প্রতিনিধিত্ব থাকে তারও দাবি তোলা হচ্ছে। দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ধীরেশ চন্দ্র দাস পঞ্চায়েত ও যুবসংঘেরও সদস্য। তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম পঞ্চায়েতের নেতৃত্বে আসছে। নারীরা যাতে অন্তর্ভুক্ত হতে পারেন সে জন্য লিখিত গঠনতন্ত্র সংশোধনের চিন্তাভাবনা চলছে। দলিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করছেন এমন ব্যক্তিদের মতে, রাজধানী ঢাকায় দলিত সম্প্রদায়ের জন্য ছোটবড় মিলিয়ে ২৭টি কলোনি রয়েছে। রাজধানীতে বসবাসরত দলিত নারীরা বেশ খানিকটা এগিয়ে গেলেও বাইরের নারীরা এখনো বেশ পিছিয়ে আছেন। এনজিও ফেয়ার প্রকাশিত ‘বাংলাদেশের দলিত জনগোষ্ঠী ২০১৩-২০১৪’ শীর্ষক এক মানবাধিকার প্রতিবেদনে ঢাকার বাইরের পাঁচজন নারী ও শিশুর ধর্ষণের তথ্য দেওয়া হয়েছে।