এজিবি কলোনি সড়ক এখন আরও সরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌজার মানচিত্রের তুলনায় মতিঝিল এজিবি কলোনি সড়কের অনেকটা আগেই দখল হয়ে যায়। এখন অবৈধ স্থাপনার সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কের প্রশস্ততা আরও কমে গেছে। এই সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার থেকে দিনে দোকানপ্রতি ৪০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পশ্চিম রাজারবাগ মৌজার মানচিত্র অনুযায়ী এজিবি কলোনি সড়কটির প্রশস্ততা ৭৮ ফুট এবং দৈর্ঘ্য ৬০০ ফুট। গত এপ্রিল মাসের মাঝামাঝি এর প্রশস্ততা ছিল মানচিত্রের বর্ণনার প্রায় অর্ধেক। কলোনির সড়কে অবৈধ স্থাপনার বিষয়ে প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে গত ৩ মে হাইকোর্ট থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর পরিপ্রেক্ষিতে কলোনির দোকানগুলো উচ্ছেদ করলেও সড়ক চওড়া করার বিষয়ে কোনো কাজ করেনি। পরে বারবার দোকানঘর হয়, বারবার উচ্ছেদ হয়। এখন অবস্থা আরও শোচনীয়। গতকাল বিকেলে কলোনি বাজারে গিয়ে দেখা যায়, সড়কের দুপাশে নতুন করে তৈরি হয়েছে আসবাবের অন্তত পাঁচটি দোকান। আগেই তৈরি হওয়া মনিহারি দোকান, পেঁয়াজ-রসুন-আলুর দোকানসহ বিভিন্ন দোকানে মালামাল আরও বাড়ানো হয়েছে। মুরগির দোকান ছিল ১০টির মতো। এর সংখ্যা ২০টি ছাড়িয়ে গেছে। গড়ে উঠেছে খাবারের অন্তত ছয়টি হোটেল। আছে সেলুন, লন্ড্রিও। অনেক দোকানের সামনে পসরা সাজিয়ে বসেছেন শীতের সবজি ও অন্য সামগ্রী নিয়ে নতুন বিক্রেতারা।

এর আগে গতকাল সকাল ১০টার দিকে ওই পথে চলতে গিয়ে দেখা যায়, সরু হয়ে যাওয়ায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল, মডেল স্কুলের শিক্ষার্থীদের রিকশা ও ভ্যানগাড়ি আটকে গেছে। অনেক শিক্ষার্থী নেমে গিয়ে হেঁটে স্কুলে যাওয়ার চেষ্টা করছে। কলোনির বাসিন্দারা বলেন, এ ধরনের যানজট এখন নিয়মিত। কলোনির কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিভিন্ন দোকানিকে প্রতিদিন ৪০০ টাকা করে চাঁদা দিতে হয়। এভাবে শতাধিক দোকান থেকে চাঁদা তোলেন সরকারদলীয় সংগঠনের স্থানীয় নেতারা। এ ছাড়া আগে যাঁরা এককালীন টাকা দিয়ে দোকান বরাদ্দ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে নিজেরাই দোকান চালাচ্ছেন। কেউ কেউ মাসিক টাকার ভিত্তিতে ভাড়া দিয়েছেন। প্রতিদিন চাঁদা দেন—এমন কয়েকজন দোকানির সঙ্গে কথা বলতে গেলে তাঁরা প্রথমে সবই অস্বীকার করেন। 

গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, যতবারই উচ্ছেদ করা হয়, আবার স্থাপনা তৈরি হয় এবং দোকানিরা বসে যান। তারপরও এখন করণীয় কী, তা নিয়ে কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।