এজিবি কলোনির পরিত্যক্ত ভবন থেকে বাসিন্দাদের উচ্ছেদ শুরু
গণপূর্ত অধিদপ্তর মতিঝিল এজিবি কলোনির পরিত্যক্ত আটটি ভবন থেকে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ভবনগুলো বসবাসের সম্পূর্ণ অযোগ্য। অত্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছিল কিছু পরিবার। তাদের জীবন রক্ষার্থেই অভিযান শুরু করা হয়েছে।নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জানান, ২০০৫ সালে ওই ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার পরও ভবনগুলোতে কিছু লোক অবৈধভাবে বসবাস করছিলেন। ভবনগুলোতে গ্যাসের সংযোগ নেই। তবে বাসিন্দারা অবৈধভাবে বিদ্যুৎ ও পানির সরবরাহ নিয়ে তা ব্যবহার করে আসছিলেন। কলোনির আটটি ভবনে প্রায় ৪০০ পরিবার বসবাস করছিল। এর আগে কয়েকবার তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এর মধ্যে দুটি ভবনে ২৯ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার বৈধভাবে বসবাস করছে বলে জানা গেছে। ইশতিয়াক আহমেদ বলেন, এ আটটি ভবন ভেঙে ১৫ তলাবিশিষ্ট চারটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।