এত অবহেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১. উনসত্তরের গণ-অভ্যুত্থানের সেই স্মৃতি সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ‘উনসত্তর’ নামে একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ২. বিজ্ঞাপনী সংস্থার সাইনবোর্ডের আড়ালে ঢাকা পড়ে গেছে উনসত্তরের নামফলক। ৩. ভাষা আন্দোলনের স্মৃতিজড়িত সেই আমতলা হারিয়ে গেছে দোকানের ভিড়ে। ৪. শহীদ আসাদের আবক্ষ মূর্তিটি বেদি থেকে ভেঙে পড়েছে অনেক আগেই l ছবি: প্রথম আলো
১. উনসত্তরের গণ-অভ্যুত্থানের সেই স্মৃতি সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ‘উনসত্তর’ নামে একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ২. বিজ্ঞাপনী সংস্থার সাইনবোর্ডের আড়ালে ঢাকা পড়ে গেছে উনসত্তরের নামফলক। ৩. ভাষা আন্দোলনের স্মৃতিজড়িত সেই আমতলা হারিয়ে গেছে দোকানের ভিড়ে। ৪. শহীদ আসাদের আবক্ষ মূর্তিটি বেদি থেকে ভেঙে পড়েছে অনেক আগেই l ছবি: প্রথম আলো

১৯৫২ সালের ভাষা আন্দোলন কিংবা ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস। উনসত্তরের গণ-অভ্যুত্থানের সেই স্মৃতি সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ‘উনসত্তর’ নামে একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। আর ভাষা আন্দোলনের স্মৃতিজড়িত সেই আমতলা হারিয়ে গেছে দোকানের ভিড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালের স্মৃতি রক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের উল্টো দিকে ‘উনসত্তর-শহীদ আসাদ স্মরণী’ নামে দ্বিতল একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এখানে উনসত্তরের শহীদ মতিউর রহমান, আসাদুজ্জামান, সার্জেন্ট জহুরুল হক, সামসুজ্জোহাসহ নাম না জানা শহীদদের স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এর নির্মাণের কাজ দেয়। এর জন্য খরচ ধরা হয় ৫ কোটি ১২ লাখ টাকা। ২০০৮ সালের ২০ জানুয়ারি এ কাজের উদ্বোধন করেন ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য এস এম এ ফায়েজ। এক বছরের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আট বছরেও শেষ হয়নি। বরং অসমাপ্ত অবস্থায় পাঁচ বছর ধরে কাজটি পড়ে আছে। মাহবুব ব্রাদার্সের সঙ্গে পরে খান অ্যান্ড সন্সও কাজে যোগ দেয়। কিন্তু যৌথভাবেও তারা কাজ শেষ করতে পারেনি।
ঘটনাস্থলে গিয়ে এই জাদুঘরের নামফলকটিও খুঁজে পাওয়া যায়নি। অসমাপ্ত সিঁড়ির ডান পাশে রিকশা আর ভ্যানের গ্যারেজ। বিভিন্ন স্থানে ভবঘুরে লোকজন। ফেনসিডিলের বোতল। ময়লার স্তূপ।
জাদুঘরের নিচেই চা-সিগারেট আর মুঠোফোনের টাকা দেওয়ার দোকান বসিয়েছেন আবুল হোসেন রানা। জাদুঘরের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তিন-চার বছর ধরে কাজ বন্ধ। এখন অসমাপ্ত সিঁড়ির নিচে গ্যারেজ হয়েছে।’ জাদুঘরটির নামফলক কোথায় জানতে চাইলে তিনি উল্টো দিকের একটি মুঠোফোনের টাকা দেওয়ার দোকানে যেতে বলেন।
উল্টোদিকে গিয়ে দেখা যায় আব্বাছ টেলিকমের বিশাল সাইনবোর্ড। নামফলক কোথায় জানতে চাইলে দোকানদার আব্বাছ মিয়া দোকানের প্লাস্টিকের ব্যানার ওঠান। এর নিচেই ঢাকা পড়েছে ফলকটি। জাদুঘরের কেউ এখানে আসেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই কাজ বন্ধ।’
দোকানদাররা জানালেন, অসমাপ্ত এই জাদুঘরটি এখন অবৈধ রিকশার গ্যারেজ ও নেশাখোরদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। কাজটি অসমাপ্ত কেন জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান মুজিবুর রহমান বলেন, ‘সেখানে পানির লাইন, বিদ্যুতের লাইনসহ নানা লাইন ছিল। এসব ঠিক করে আমরা কাজ করলেও বিল আটকে ছিল। এ কারণেই কাজটি শেষ করা যায়নি।’
জাদুঘরের স্থপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য অনুষদের সাবেক ডিন নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘১৯৬৯ বাঙালি জাতির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে এর নকশা করেছিলাম। আমার জীবনের সেরা কাজ ছিল এটি। দোতলা এই জাদুঘরে শহীদদের স্মৃতি, তাঁদের ব্যবহৃত সব জিনিসপত্র, ওই সময়ের সব স্মৃতি থাকার কথা ছিল। এক বছরের মধ্যে জাদুঘরটির নির্মাণ শেষ হওয়ার কথা। অথচ চার বছর ধরে পড়ে আছে। আমার প্রচণ্ড খারাপ লাগে।’
এই জাদুঘরের একটু সামনেই ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ। বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এই প্রাঙ্গণ থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামেন ছাত্রসমাজসহ বিভিন্ন স্তরের জনতা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা ভঙ্গের অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়ে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকতসহ আরও অনেকে। শহীদদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। বাংলা হয় রাষ্ট্রভাষা। ভাষার এই আন্দোলনের সঙ্গে বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনও জড়িত।
কিন্তু যে ঐতিহাসিক স্থান থেকে আন্দোলন শুরু হয়েছে, সেই আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণে এখন একটি টিনের ফলক ছাড়া কিছুই নেই। ফলকের নিচে গড়ে উঠেছে চা, শিঙাড়া, পুরি এসবের ভ্রাম্যমাণ দোকান। ১৯৬৯ ও ১৯৫২-এর আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণের অবহেলিত অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘অর্থের অভাবে জাদুঘরটির কাজ বন্ধ ছিল। তবে আবার কীভাবে শুরু করা যায়, সেটি আমরা দেখব। আর ভাষা আন্দোলনের ঐতিহাসিক এই প্রাঙ্গণটি আমরা প্রায়ই দখলমুক্ত করি। কিছুক্ষণ পরেই আবার দখল হয়ে যায়। পুলিশের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত।