এক বাসিন্দার টাকায় সকালে দেওয়া হয়েছে পরোটা-ডাল। এদিক-ওদিক থেকে টাকা নিয়ে চাল-ডাল কিনে কোনোমতে সারা হয়েছে দুপুরের খাবার। কিন্তু রাতে কী হবে?
গতকাল রোববার বিকেলে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় গেলে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মুখে শোনা যায় এমন উদ্বেগের কথা। এতিমখানার দুই শতাধিক এতিমকে নিয়মিত খাবার সরবরাহ করা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
অভিযোগ উঠেছে, এতিমখানার কার্যনির্বাহী কমিটি খাবারের অর্থ সরবরাহ বন্ধ করে দেওয়ায় এ সমস্যার সৃষ্টি। কমিটির কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদ করায় অর্থ সরবরাহ বন্ধ করা হয়েছে। এ পরিস্থিতিতে দানশীল ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
জানতে চাইলে কমিটির কর্মকর্তারা দাবি করেন, এতিমখানার কর্মকর্তারা টাকা নিতে আসছেন না। স্থানীয় কয়েকজন বলেন, অভিযুক্ত যে বা যারাই হোক, এতিমদের সঙ্গে এ ধরনের আচরণ অমানবিক।
এতিমখানার শিক্ষার্থী-কর্মকর্তারা অভিযোগ করেন, ২০০৩ সালে ভবন নির্মাণের জন্য একটি আবাসন প্রতিষ্ঠানকে এতিমখানার দুই বিঘা জমি দেওয়া হয়। বিদ্যালয়ের ভবন ভেঙে ও মাঠ ধ্বংস করে ওই ভবন তোলা হলেও এতিমখানার কোনো লাভ হয়নি। কারণ, কমিটির সাবেক সভাপতি সামসুন্নাহার আহসানুল্লাহ এবং সাবেক সহ-সম্পাদক খাজা জাকী আহসানুল্লাহ ওরফে সানি ওই আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করেন। চুক্তিতে এতিমখানার জন্য ভবনের খুব কম অংশ রাখা হয়েছে। তা ছাড়া প্রায় ২০ কোটি টাকার জমির জন্য স্বাক্ষরবাবদ অর্থ (সাইনিং মানি) মাত্র ৩০ লাখ টাকা নেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চুক্তিতে নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত এতিমখানার জন্য ভবনের শতকরা ৩৫ ভাগ ও ওই আবাসন প্রতিষ্ঠানের জন্য ৬৫ ভাগ রাখা হয়। ছয়তলা থেকে ১৪ তলা পর্যন্ত এতিমখানার জন্য ১২ ভাগ ও আবাসন প্রতিষ্ঠানের জন্য ৮৮ ভাগ রাখা হয়। তা ছাড়া ১৪ তলার ওপরে অতিরিক্ত আরও তিনতলা তৈরি করা হলেও সেখানে এতিমখানার জন্য কোনো অংশ নেই।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২৭ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় তদন্ত করে ১৫ সদস্যের কমিটি বিলুপ্ত করে এবং তিন মাসের জন্য এডহক কমিটি গঠন করে। কিন্তু ওই কমিটিতেও খাজা জাকী আহসানুল্লাহ ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খাজা জাকী সভাপতি ও সাবেক কমিটির সদস্য আনিসুর রহমান সম্পাদক হন। ফলে ভবনের ন্যায্য হিসাব নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আন্দোলন অব্যাহত থাকে। আর তা প্রতিহত করতে কমিটির কর্মকর্তারা মামলা ও পুলিশি হয়রানির আশ্রয় নেন।
এতিমখানার শিক্ষার্থী মো. হারুন বলেন, এ বছরের ১১ ফেব্রুয়ারি চুক্তির বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করেন তাঁরা। আদালত এতিমখানার সম্পত্তির ওপর সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ও তদন্ত করে গত ১০ এপ্রিল একটি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া, বয়স উত্তীর্ণ শিক্ষার্থীদের এতিমখানা ত্যাগ, পরিচালনা পর্ষদ কর্তৃক বেআইনিভাবে হস্তান্তর করা এতিমখানার জমি পুনরুদ্ধার, আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলসহ বিভিন্ন সুপারিশ করা হয়। এসব কারণে ক্ষিপ্ত হয়ে কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা আর অর্থ সরবরাহ করছেন না। ফলে দুই শতাধিক এতিম শিক্ষার্থীর খাবার সরবরাহে বেশ হিমশিম খেতে হচ্ছে। অথচ কমিটি এখনো বিলুপ্ত করা হয়নি।
যোগাযোগ করা হলে এতিমখানার কার্যনির্বাহী কমিটির সভাপতি আহসানুল্লাহ ফোন ধরেননি। পরে সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এতিমখানা থেকে কেউ চাহিদাপত্র নিয়ে টাকা নিতে আসেনি। তাই টাকা দেওয়া হয়নি। আসলে ইচ্ছা করেই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
তবে এতিমখানার সহকারী তত্ত্বাবধায়ক নূরুল ইসলাম বলেন, গত মাসের চাহিদার তুলনায় অনেক কম টাকা দেওয়া হয়েছে।
চলতি মাসের চাহিদাপত্র তৈরি আছে। কিন্তু কমিটির কেউ কোনো যোগাযোগ করেননি। কোনো কিছুতে স্বাক্ষর করছেন না কমিটির কর্মকর্তারা।
জানতে চাইলে জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক হারুন-অর-রশিদ বলেন, কোনো অবস্থাতেই যাতে এতিমখানার শিক্ষার্থীদের খাবার সরবরাহে ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (প্রতিষ্ঠান) এস এম সুলতান মাহমুদ বলেন, কমিটি বাতিল করে একজন প্রশাসক নিয়োগ করার চিন্তাভাবনা চলছে।