এনু-রুপন অশিক্ষিত বলে টাকা মেরে বিদেশে চলে যায়নি: পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনু ও রূপনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন তাঁদের চাচা আমিনুল হক ভূইয়া

ক্যাসিনো কারবারে গ্রেপ্তার হয়ে কারাবন্দী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়া ‘ষড়যন্ত্রের শিকার’ দাবি করে তাঁদের মুক্তি চেয়েছে পরিবার। তাঁদের অর্জিত সম্পদ বৈধ আয়ের দাবি করে পরিবার বলেছে, এনু–রুপন শিক্ষিত হলে বিদেশে চলে যেত।

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনু ও রুপনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন তাঁদের চাচা আমিনুল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘ওরা তো শিক্ষিত না। যদি শিক্ষিত হতো, তাহলে টাকা মেরে বিদেশে চলে যেত। অশিক্ষিত বলে এসব জানে না।’

আমিনুল হক বলেন, দুই ভাই ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা ঋণ নিয়ে পুরোটাই শোধ করেছেন। তাঁরা ভালো মানুষ, পালিয়ে যায়নি। তাঁদের ব্যবসার সব হিসাব এবং ট্যাক্স ফাইল আছে। এত দিন পরে এই বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেতে সময় লেগেছে। এসব নথিপত্র আদালতেও দাখিল করবেন তাঁরা।

আমিনুল হক বলেন, এনু–রুপন আটক থাকায় তাঁদের ব্যবসা বন্ধ রয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে ক্যাসিনো–কাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও মামলায় ক্যাসিনোর বিষয় উল্লেখ নেই। আবার তাঁদের সব মামলা জামিনযোগ্য কিন্তু তাঁদের জামিন দেওয়া হচ্ছে না। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারকে এই দুই ভাই ১ হাজার ৬০০ কোটি টাকা কর দিয়েছেন বলে দাবি করেন তাঁদের চাচা।

পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে এনু–রুপনের ১২৮টি ফ্ল্যাট পাওয়া গেছে। এ বিষয়ে আমিনুল হক বলেন, এগুলো বৈধ আয়ে কিনেছেন এবং নিয়ম মেনেই এসব করেছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আমিনুল হক দুই ভাইয়ের ব্যবসা সম্পর্কিত বিভিন্ন চালান ও করের নথিপত্র নিয়ে হাজির করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এনু–রুপন ইস্পাত ব্যবসায়ী। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো–কাণ্ডের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ক্লাবের ২০১৮–১৯ সালের কমিটিতেও দুই ভাই ছিলেন না। পাশাপাশি দুই ভাই ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি।

অপর দিকে এনু ও রূপনের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব যে টাকা, সোনা ও বিদেশি মুদ্রা পেয়েছে, তার সবই বৈধ বলে দাবি করেন আমিনুল হক। বাড়িতে প্রচুর টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তারের পর তাঁদের সব ব্যাংক হিসাব জব্দ করে দেওয়া হয়। তাই ইস্পাত বিক্রির টাকা ঘরে রাখতে হয়েছে।