স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এবারের ঈদে রাজধানীর কোনো মার্কেটে চাঁদাবাজির ঘটনা ঘটেনি। ঈদ সামনে রেখে র্যাব ও পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সে জন্য অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন শপিং মল (বিপণিবিতান) পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ব্যবসায়ীরাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, এবার বিপণিবিতান-গুলোতে কোনো ধরনের চাঁদাবাজি নেই। পুলিশ ও র্যাবের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরা সন্তুষ্ট। তবে এবার অন্য বছরের চেয়ে কেনাকাটা কম। এবারের ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তায় র্যাব-পুলিশ কাজ করছে। তবে নিরাপত্তার ব্যাপারে সাধারণ মানুষদের নিজেদেরও সতর্ক থাকতে হবে।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাহারা খাতুন বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইস্টার্ন প্লাজায় যান। সেখানে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এই মার্কেটের ক্রেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, ঈদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরাও সন্তুষ্ট। ইস্টার্ন প্লাজা থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন মল্লিকায় যান। সেখানেও তিনি আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির রাপা প্লাজা এবং ফার্মগেটের ফার্মভিউ মার্কেট হয়ে বসুন্ধরা সিটিতে যান। তিনি সেখানে কয়েকটি দোকান ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।