এবার জাল টাকার মামলায় নুরুল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম
ছবি: সংগৃহীত

মাদক মামলার পর এবার জাল টাকা ও বিদেশি মুদ্রার মামলায় ৪৬০ কোটি টাকার মালিক সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মোহাম্মদপুর থানার মাদক মামলায় এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ নুরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট থানার এসআই গোলাম কিবরিয়া। পাশাপাশি তিনি জাল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নুরুলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

এদিকে নুরুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী মিরাজ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নুরুল ইসলামের তিন দিনের রিমান্ডের আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাঁর কাছ থেকে ৩ লাখ ৪৬ হাজার ৫০০ জাল টাকা, ৩ লাখ ৮০ হাজার মিয়ানমারের মুদ্রা, ৪ হাজার ৪০০টি ইয়াবা বড়ি ও নগদ ২ লাখ ১ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৩–এর নায়েব সুবেদার ফিরোজ খান মোহাম্মদপুর থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলা করেন। পরদিন মাদক মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন