এবার জেনারেটর বিলের নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে এবার জেনারেটর বিলের নামে চাঁদাবাজি শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর সহযোগীরা ঈদ সামনে রেখে এই চাঁদাবাজি করছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

এর আগে গত ১৭ মে ওয়ার্ড কাউন্সিলর ময়নুল বৈদ্যুতিক তার পরিবর্তনের নামে রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ১ হাজার ৭৮৮টি দোকান থেকে দোকানপ্রতি ১ হাজার ১০০ টাকা করে চাঁদা চেয়ে চিঠি দিয়েছিলেন। ময়নুল রাজধানী মার্কেট দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ও মহানগর আওয়ামী লীগের নেতা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

চাঁদাবাজির অভিযোগ পেয়ে র‌্যাব-১০-এর একটি দল গতকাল শুক্রবার বিকেলে ওই মার্কেটে পাহারা বসিয়েছে। তারা চাঁদাবাজির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানায়।

র‌্যাব-১০-এর ১ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চাঁদাবাজদের গ্রেপ্তারে র‌্যাবের সদস্যরা মার্কেটে পাহারা দিচ্ছেন। মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের চাঁদা না দিতে বলা হচ্ছে। ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা নিতে এলেই তাকে গ্রেপ্তার করা হবে।

অবশ্য গতকাল শুক্রবার ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, জেনারেটর বিলের নামে তিনি কোনো চাঁদা তোলেননি। ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

ব্যবসায়ীরা বলেন, পয়লা রমজানে রাজধানী সুপার মার্কেটের প্রবেশপথের পাশে ও মার্কেটের বাইরে ফুটপাতের দুই শতাধিক দোকান থেকে ওয়ার্ড কাউন্সিলরের সহযোগীরা ১০ হাজার টাকা করে চাঁদা তোলেন। এ নিয়ে প্রথম আলোতে খবর প্রকাশের পর চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ওয়ার্ড কাউন্সিলরের সহযোগী বাবু, হাসান ও ইউনুস কয়েক দিন ধরে প্রতিটি দোকান থেকে পৌনে ২০০ টাকা করে চাঁদা তুলছেন।

ব্যবসায়ী শাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মার্কেটের অবৈধ সভাপতি ময়নুল জেনারেটর বিল বাবদ প্রতিটি দোকান থেকে ১৭৫ টাকা আদায় করে আসছেন। এই টাকা দিতে ব্যবসায়ীরা রাজি নন। কারণ মার্কেটে কোনো লোডশেডিং হয় না। সেই কথা ব্যবসায়ীরা কাউন্সিলরকে জানিয়েও দিয়েছেন। তারপরও ময়নুলের চাপের মুখে তাঁরা প্রতি মাসে ওই টাকা দিতে বাধ্য হচ্ছেন। এমনকি জুন মাসের জেনারেটর বিলের টাকা নেওয়া হলেও একই কারণ দেখিয়ে আবারও ১৭৫ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। 

ব্যবসায়ী সেন্টু চৌধুরী বলেন, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার র‌্যাব-১০-এর কাছে অভিযোগ করেন। এরপর র‌্যাবের সদস্যরা রাজধানী সুপার মার্কেটে অবস্থান নেন।

ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ময়নুল হকের নেতৃত্বে চাঁদাবাজি হয় বলে রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থাটি সুপারিশ করে। গত বছরের ৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে এই নির্দেশনা পাঠানো হয়। সেখান থেকে ওই নির্দেশনা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারের মাধ্যমে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৌঁছায়। তবে এখনো আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের ৮ জুলাই মধ্যরাতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে চাঁদাবাজির সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ ঘটনায় আটক ময়নুলের প্রধান সহযোগী মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিমকে গত ৮ জুলাই র‌্যাব আটক করে এবং পরে তাঁকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। মার্কেটের দোকান মালিক সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা সবাই সাজা খেটে কারাগার থেকে বেরিয়েছেন।