এবার পুলিশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নিপীড়নের অভিযোগ
রাজধানীর আদাবর থানার পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল রোববার মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
গত মাসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নিপীড়নের অভিযোগের সুরাহা হওয়ার আগেই আরেকটি অভিযোগ উঠল।
ভুক্তভোগী ফারহানা আক্তার শ্যামলীর আশা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। গতকাল রাতে ফারহানাবলেন, গতকাল বেলা তিনটার দিকে রিকশায় করে তিনি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদপুরের দিকে যাওয়ার সময় শিয়া মসজিদ সিগন্যালের কাছে একটি মোটরসাইকেলে পুলিশের তিন সদস্য তাঁর পথ রোধ করেন। রিকশাভাড়া না দিয়েই তাঁকে নামতে বাধ্য করেন। এরপর তাঁকে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে নিয়ে যান। ওই দলটির নেতৃত্বে ছিলেন এসআই রতন কুমার। তিনি ফারহানাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেন। ফারহানার ভ্যানিটি ব্যাগ ও জ্যাকেট খুলে কথিত ইয়াবা খোঁজা শুরু করেন রতন। ওই দোকানের কর্মীদেরও বের করে দেওয়া হয়।
ফারহানার অভিযোগ, একপর্যায়ে এসআই রতন তাঁকে বিভিন্ন ধরনের বাজে কথা বলেন। ফারহানা পুলিশের ঊর্ধ্বতনদের কাছে এর বিচার দেবেন বলেও ভয় দেখান। তখন এসআই রতন বলেন, কেউই তাঁর কিছু করতে পারবে না।
এ বিষয়ে রতন কুমার প্রথম আলোকে বলেন, ফারহানার স্বামী যুবদলের নেতা সজীব আহমেদ রানা গত বছর গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু মামলার কাগজপত্রে তিনি যে ঠিকানা দিয়েছেন, তা ভুল ছিল। এরপর গতকাল টহল ডিউটি পালনের সময় ফারহানাকে থামিয়ে তিনি সজীবের কথা জানতে চান। ফারহানা তখন উত্তেজিত হয়ে বলেন, তিনি জানেন না সজীব কোথায়। তিনি যেখানে ইচ্ছা সেখানে থাকলে পুলিশের কী?
ফারহানা বলেন, এ ঘটনার পরে তিনি ভয়ে বিচার জানাতে আদাবর থানায় যাননি। তবে তিনি আদালতে মামলা করবেন বলে জানান।