এবার প্র্রণব মুখার্জিসহ ১৫৩ বিদেশিকে সংবর্ধনা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ ১৫৩ বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে এবার ৪২তম মহান বিজয় দিবসে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল বুধবার সরকারি এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর বাসসের।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাঁদের এ সম্মাননা দেবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।এবারের সম্মাননা অনুষ্ঠানের জন্য ১৫৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এঁদের মধ্যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও রয়েছেন। এরই মধ্যে সম্মাননার জন্য মনোনীত ব্যক্তি ও সংগঠনকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিক ও সংগঠনকে সম্মাননা জানানোর প্রক্রিয়া শুরু করে।বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রথম ২০১১ সালের ২৫ জুলাই বিদেশি নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মান ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হয়। তাঁর পক্ষে পুত্রবধূ ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী মরণোত্তর এ সম্মাননা গ্রহণ করেন। পরবর্তী সময়ে এ বছরের ২৭ মার্চ ৮২ জন এবং ২০ অক্টোবর ৬১ জন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়।