এবার বইমেলার পরিসর বাড়ল তিন গুণ

হাতে আছে এক দিন। কাল সোমবার ১ ফেব্রুয়ারি বিকেলে শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এই মহাযজ্ঞে শামিল হতে চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, একাডেমির হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এবারের মেলা হবে স্মরণকালের বড় ও জাঁকজমকপূর্ণ। গত বছর মেলার পরিসর ছিল দেড় লাখ বর্গফুট জায়গাজুড়ে। এবার তা প্রায় তিন গুণ বেড়েছে। চার লাখ বর্গফুট জায়গাজুড়ে বসবে এবারের মেলা।
২০১৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি পূর্ণ করেছে হীরকজয়ন্তী। প্রতিষ্ঠানের হীরকজয়ন্তী উদ্যাপন করতে এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী’। এ উপলক্ষে একাডেমির ইতিহাস এবং বিভিন্ন গবেষণামূলক কর্মকাল, অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আলোচনার পাশাপাশি ঐতিহাসিক ছয় দফার সুবর্ণজয়ন্তী, শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-সমকালীন প্রসঙ্গ এবং বিশিষ্ট বাঙালি মনীষার জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, শুধু পরিসরে বড় নয়, তাঁরা মেলাকে আরও বেশি জাঁকজমক ও প্রাণবন্ত করার আশা করছেন।
মেলা উপলক্ষে ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কবিতা উৎসব। এতে বাংলা ও বিশ্ব কবিতা বিষয়ে আলোচনার পাশাপাশি স্লোভাকিয়া, মরক্কো, সুইডেন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের কবিরা কবিতা পড়বেন।
গতকাল দুপুরে মেলার দুই প্রাঙ্গণ বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেই কানে আসে হাতুড়ি-পেরেকের ঠুসঠাস শব্দ। কেউবা ব্যস্ত সাজসজ্জার কাজে, কেউ রং করছেন, আবার কেউ সাইনবোর্ড ঝোলাচ্ছেন।
স্টল-বিন্যাস চূড়ান্ত: বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮২টি প্রতিষ্ঠানকে ১১১টি ইউনিট ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২০টি প্রতিষ্ঠানকে ৫৪০টি ইউনিটসহ মোট ৪০২টি প্রতিষ্ঠানকে ৬৫১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান প্রায় ছয় হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন এবং ৯২টি লিটল ম্যাগাজিনকে বর্ধমান হাউসের দক্ষিণ পাশে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষুদ্র প্রকাশনা সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যাঁরা বই প্রকাশ করেছেন, তাঁদের বই বিক্রি বা প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১৫টি গুচ্ছে সজ্জিত করা হয়েছে। চত্বরগুলো নামাঙ্কিত থাকবে ভাষাশহীদ আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, আলতাফ মাহমুদ, সিরাজুদ্দীন হোসেন, ডা. আলীম চৌধুরী, সেলিনা পারভীন, শিশুসাহিত্যিক সাজেদুল করিম, হাবীবুর রহমান, ফয়েজ আহ্মদ ও রোকনুজ্জামান খান দাদাভাইয়ের নামে।
এর পাশাপাশি একাডেমি প্রাঙ্গণে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির আদলে লেখককুঞ্জ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মেলায় আগত মানুষের বসার স্থানসহ নান্দনিক ফুলের বাগানও নির্মাণ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এবার স্টলের বিন্যাসেও নতুনত্ব এসেছে। আগের মতো আর মেলার সীমানাপ্রাচীর ঘেঁষে কোনো স্টল করা হয়নি। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ বলেন, মেলায় এবার ঢোকা ও বেরোনোর চারটি করে পথ থাকবে। এ ছাড়া উদ্যানে প্রবেশের সুবিধার্থে একটি নতুন প্রবেশপথ তৈরি করা হয়েছে। এবার মেলার কালীমন্দিরের সামনের অংশ, যেখানে গতবার চটপটি-ফুচকার দোকান ছিল, সেই অংশটিও মেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে মেলার সামনে কোনো অবাঞ্ছিত জটলা থাকবে না। এ ছাড়া এবার দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত পথে কোনো বারোয়ারি পণ্য নিয়ে বসতে দেওয়া হবে না।
থাকবে হুইলচেয়ার: বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দোয়েল চত্বর কিংবা টিএসসি—কোনো পথ দিয়েই যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। এ কারণে অমর একুশে গ্রন্থমেলায় নেওয়া হয়েছে নতুন একটি উদ্যোগ। মেলার দোয়েল চত্বর ও টিএসসি গেটের প্রবেশদ্বারে রাখা হবে হুইলচেয়ার। শারীরিক প্রতিবন্ধীদের সেই সব হুইলচেয়ারে করে মেলা পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
মেলার প্রস্তুতি নিয়ে গতকাল বিকেলে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। একাডেমির মূল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনসংযোগ তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, গ্রন্থমেলার সহযোগী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ইভেন্ট সহযোগী প্রতিষ্ঠান ইভেন্ট টাচ ইন্টারন্যাশনালের সিইও মেজর (অব.) মাইনুল হাসান প্রমুখ।