এবার মাংসের দাম বেঁধে দিল ডিসিসি
রমজান সামনে রেখে এবার বিভিন্ন ধরনের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে এই দর নির্ধারণ করে ডিসিসি।ডিসিসির বেঁধে দেওয়া দর অনুযায়ী প্রতি কেজি দেশি গরুর মাংস ২৭০ ও বিদেশি গরুর মাংস ২৫০, মহিষের মাংস ২৪০, খাসির মাংস ৪০০, বকরি ও ভেড়ার মাংস ৩৫০ টাকায় ব্যবসায়ীদের বিক্রি করতে হবে।রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গরুর মাংসের যে দাম নির্ধারণ করা হয়েছে তা বাজারদরের চেয়ে বেশি।জানতে চাইলে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ অবশ্য স্বীকার করেছেন, অনেক বাজারেই গরুর মাংসের দাম নির্ধারিত দামের চেয়ে কম। প্রথম আলোকে তিনি বলেন, বাজারে ২৬০ থেকে ২৮০ টাকায় গরুর মাংস পাওয়া যায়। কিন্তু রমজানে ব্যবসায়ীরা মাংসের দাম বাড়িয়ে বিক্রি করেন। এমন কাজ যেন করতে না পারেন, সে জন্য এই দাম নির্ধারণ করা হলো। তিনি আরও বলেন, সিটি করপোরেশন পরিচালিত কাঁচাবাজারগুলো ছাড়াও রাজধানীর সব বাজারের জন্যই এই দাম প্রযোজ্য হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া হলে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।সভায় সভাপতিত্বকালে ডিসিসির মেয়র রমজানে সেবার মনোভাব নিয়ে সঠিক ওজনে গরুর মাংস বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান।সভায় অন্যান্যের মধ্যে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসিরউদ্দিন, প্রধান প্রকৌশলী আবুল হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির নেতা গোলাম মর্তুজা মন্টু, রবিউল আলম, শামীম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।