এবার যাত্রাবাড়ীতে কিশোরদের দ্বন্দ্বে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে জাহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। এলাকায় আধিপত্য নিয়ে দুইদল কিশোরের বিরোধের সূত্র ধরে তার ওপর হামলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে ১২ জন কিশোরকে আসামি করে মামলা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় পরিবারের সদস্যদের
সঙ্গে ভাড়া থাকত জাহিদুল। ওই এলাকায় ভাড়াটে এবং স্থানীয় কিশোরদের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। এক মাস আগে প্রকাশ্যে সিগারেট খাওয়া নিয়ে স্থানীয় এক কিশোরকে থাপ্পড় দেয় ভাড়াটে বাসিন্দা কিশোর দলের একজন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার রাতে জাহিদুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। জাহিদুল ভাড়াটে কিশোরদের দলে ছিল।

এর আগে গত ৫ জানুয়ারি কিশোরদের দ্বন্দ্বে রাজধানীর উত্তরা এলাকায় খুন হয় স্কুলছাত্র আদনান কবির। এর দুই সপ্তাহের মধ্যে ১৮ জানুয়ারি বিকেলে তেজগাঁও এলাকায় কিশোর বন্ধুদের হাতে খুন হয় আবদুল আজিজ।

জাহিদুল হত্যাকাণ্ড সম্পর্কে তার স্বজনেরা জানিয়েছেন, শুক্রবার রাত আটটার দিকে কাজলা পেট্রলপাম্প এলাকায় এক বন্ধুর সঙ্গে বসে ছিল জাহিদুল। এ সময় স্থানীর কিশোর দলের কয়েকজন জাহিদুলের ওই বন্ধুকে তুলে নিয়ে যেতে চায়। এতে বাধা দেয় জাহিদুল। এর কিছুক্ষণ পর ওই কিশোরেরা সংঘবদ্ধ হয়ে এসে ছনটেক মসজিদ গলিতে জাহিদুলকে আটকায় এবং ছুরিকাঘাত ও মারধর করে। গুরুতর অবস্থায় রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল শনিবার জাহিদুলের মা মর্জিনা বেগম মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত সবার বয়স ১৮-এর নিচে। তারা সবাই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জাহিদুলের চাচাতো ভাই মো. আইয়ুব বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল জাহিদুলের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দাফনের জন্য লাশ পটুয়াখালীর গলাচিপায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

চার ভাই ও এক বোনের মধ্যে জাহিদুল তৃতীয়। সে যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় থেকে একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় কাজ করত।