এবার শরীরের রক্ত ঢেলে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের প্রতিবাদ
রাজধানীর মহাখালীতে ফিজিওথেরাপি ভবন নির্মাণের দাবিতে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে শরীরের রক্ত ঢেলে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা। একই দাবিতে তাঁরা ২৭ দিন ধরে শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করছেন। এর আগে একই দাবিতে তাঁরা চার দফা অনশন কর্মসূচিও পালন করেছেন।জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কলেজের নির্মাণকাজ শুরু না হওয়ায় গতকাল সোমবার শিক্ষার্থীরা রক্ত বিসর্জন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন। প্রথমে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সহায়তায় নিজেদের রক্ত সংগ্রহ করে ব্যাগভর্তি করেন। এরপর এই রক্ত শহীদ মিনার প্রাঙ্গণে তাঁরা ঢেলে দেন। আরও কিছু রক্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কুশপুত্তলিকায় ঢেলে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।কর্মসূচি প্রসঙ্গে ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মিন্টো রোডের বাসভবনে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি ভবন নির্মাণের ব্যাপারে শিক্ষার্থীদের কোনো আশ্বাস দেননি।