এবার হাকিম চত্বরে ছাত্রদলের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা দিয়ে প্রবেশ করে হাকিম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। গত ২১ জুন ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর এই প্রথম তারা ক্যাম্পাসে সমাবেশ করল।প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরিসংলগ্ন গেট দিয়ে প্রবেশ করলে পুলিশ তাঁদের বাধা দেয়। সামান্য ধস্তাধস্তির পর তাঁরা মূল ক্যাম্পাসে না ঢুকে হাকিম চত্বরে সমাবেশের আয়োজন করেন। এর আগে গত ২৯ অক্টোবর তাঁরা সমাবেশ করেছিলেন চারুকলা ইনস্টিটিউটের সামনে।ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি হায়দার আলী, বজলুল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুলিশ বৈধ ছাত্র হওয়া সত্ত্বেও ছাত্রদলের কর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে না। সমাবেশ শেষে মিছিল নিয়ে টিএসসি হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তাঁরা।