এবার 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার' আহ্বান নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ এক জনসভায় ভাষণ দেন শাজাহান খান। ছবি: শাহাবুল শাহীন তোতা, গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ এক জনসভায় ভাষণ দেন শাজাহান খান। ছবি: শাহাবুল শাহীন তোতা, গাইবান্ধা

নাশকতাকারীদের বিরুদ্ধে এবার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত চলন্ত গাড়িতে পেট্রল মেরে পুড়িয়ে মানুষ হত্যা করছে। তাই নাশকতাকারীদের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।’
আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পলাশবাড়ী উপজেলা ১৪ দল ও স্থানীয় মোটর মালিক-পরিবহন শ্রমিক সংগঠন আয়োজিত এক জনসভায় নৌমন্ত্রী এ আহ্বান জানান।
খালেদা জিয়ার উদ্দেশে শাজাহান খান বলেন, মুক্তিযুদ্ধের সময় যাদের সহযোগিতায় মানুষ হত্যা করা হয়েছিল, মা-বোনরা ইজ্জত হারিয়েছিলেন, সেই জামায়াতকে নিয়ে দল গঠন করে সহিংসতায় মেতেছেন খালেদা জিয়া। 
অবরোধ-হরতালে জনসমর্থন নেই, উল্লেখ করে শাজাহান খান বলেন, সারা দেশের মধ্যে উত্তরাঞ্চলের রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধার পলাশবাড়ীর কয়েকটি স্পটে নাশকতার ঘটনা ঘটছে। এসব এলাকার সর্বস্তরের মানুষকে একত্র হয়ে পাড়া-মহল্লায় সন্ত্রাস-নাশকতাবিরোধী কমিটি গঠন করতে হবে। 
উপস্থিত শ্রমিক-জনতার উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নাশকতাকারীরা নিরপরাধ শ্রমিকদের আগুনে পুড়িয়ে মারবে, সেটা মানা যায় না। এরা সংখ্যায় নগণ্য, এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন। সরকার আপনাদের সঙ্গে আছে।’ 

পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, মোটর মালিক ফেডারেশনের মহাসচিব এনায়েত উল্লাহ, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।