এবারও সেরা রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসের হার শতভাগ। শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৬ ভাগ! মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় এ ঈর্ষণীয় ফল রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের। আর এই ফল নিয়ে এবারও প্রথম স্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। টানা দ্বিতীয়বারের মতো ঢাকা শিক্ষাবোর্ডে প্রথম হলো এই কলেজ।কর্তৃপক্ষ জানায়, এ বছর এই কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ৩৯৩ জন শিক্ষার্থী। সবাই পাস করেছে। ৩৭৯ জনই অর্জন করেছে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। বাকি ১৪ জন জিপিএ চার দশমিক ৫০ থেকে চার দশমিক ৯৪ এর মধ্যে।কলেজ থেকে বাংলা মাধ্যমে (প্রভাতী ও দিবা) বিজ্ঞান বিভাগে ২৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জনের মধ্যে ৩৮ জন এবং মানবিক বিভাগের তিনজনের সবাই পেয়েছে জিপিএ-৫।ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৪ জনের সবাই এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২১ জনের মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের সবাই আন্তরিক। তাঁরা সব সময় আগাম পরিকল্পনা নেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করেন। শিক্ষকদের মান ভালো, অভিভাবকেরাও সচেতন। এ সাফল্যকে সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মনে করেন অধ্যক্ষ।শিক্ষার্থীরাও বলল একই কথা। ফল ঘোষণার পরপর মাকে জড়িয়ে ধরে কাঁদছিল ফাইজা ফেরদৌস। কিছুক্ষণ পর প্রথম আলোকে ফাইজা বলে, এ কান্না আনন্দের। ১০ বছরের কষ্টের ফসল সে পেয়েছে। যেটা ভাষায় প্রকাশ করার নয়।ফাইজার মতো জিপিএ-৫ পাওয়া রিফাত আহমেদ, সাদমান সাকিব, সাদিয়া রহমান সবাই তাদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের পরিশ্রমের কথা জানাল।