
পুরো অনুষ্ঠানেই পরিশীলন আর চর্চার ছাপ থাকে বলে ছায়ানটের অনুষ্ঠানে গেলে স্বস্তি পাওয়া যায়। নজরুলকে নিয়ে গতকালের অনুষ্ঠানটিও মন কেড়ে নিল। নজরুলের বিশাল সংগীতজগৎ থেকে বৈচিত্র্যময় একটি বিষয়ই বেছে নেওয়া হয়েছিল। তাঁর গানে ভারতীয় রাগের মূল দুই ধারার ব্যবহার নিয়েই যত আলোচনা। শুনতে খটমট হলেও গান যখন শুরু হলো, তখন বুঝতে মোটেও অসুবিধা হলো না যে এ নজরুল!
হিন্দুস্তানি বা উত্তর ভারতীয় বলি কিংবা কর্ণাটকি বা দক্ষিণ ভারতীয় বলি, নজরুলে এসে তা হয়ে উঠল নজরুলময়। আরে! যে গান শুনছি, সে গানের সুর ধার করা কি না, সে তো আর বোঝার জো নেই। খায়রুল আনাম শাকিল বলে দিলেন বলেই আমরা বুঝতে পারলাম, এ উত্তর ভারতের সুর, এ দক্ষিণ ভারতের সুর। না বললে আমরা শুধু বলতে পারতাম, দেখেছ, নজরুলের গানের কাজ! সুরের কী বৈচিত্র্য! কিন্তু জানা হতো না, বৈচিত্র্যময় সুরের খোঁজে নজরুলের তৃষিত মন ছুটে বেড়িয়েছে ভারতজুড়ে এবং কখনো তা পৌঁছে গেছে ভারতবর্ষের বাইরেও। ছায়ানট জানিয়ে দিল, এভাবেও নজরুলকে দেখা যায়, চেনা যায়।
ঠিক সন্ধ্যা সাতটা। চোখে-মুখে বিস্ময় নিয়ে পাশে বসা একজনকে এক তরুণী বলছিলেন, ছায়ানটের অনুষ্ঠান শুরু হতে নির্ধারিত সময়ের বেশি সময় দেরি হয় না, আজ কী হলো! কয়েক মুহূর্তের মধ্যেই তরুণীর বিস্ময়কে মিথ্যা প্রমাণ করে মঞ্চের ওপাশ থেকে শোনা গেল তবলার বোল, নূপুরের নিক্বণ। সব আলো নিভে গেল। এই সময়ে নতুন করে জ্বলে ওঠা মঞ্চের আলোয় মিলল চিরচেনা তরুণ নজরুল। মঞ্চে বসা শিল্পীরা শুরু করলেন গান, ‘হে পার্থ সারথী বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ’। গানের তালে তালে থাকল দুই শিল্পীর নাচ।
নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরুর চর্চা রাজধানীতে খুব কম প্রতিষ্ঠানেরই রয়েছে। এদিক থেকে ছায়ানটের রয়েছে ঐতিহ্য। জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত গতকালের অনুষ্ঠানে ব্যতিক্রম ঘটেনি।
খায়রুল আনাম মঞ্চে ছিলেন শুরু থেকে। গানের ফাঁকে ফাঁকে তাঁর কাছ থেকে জানা গেল, নজরুল যদিও উত্তর ভারতীয় রাগসংগীত নিয়েই চর্চা করেছেন বেশি, তবে দক্ষিণ ভারতীয় রাগ অনুসরণেও তিনি বেশ কিছু সংগীত রচনা করেছেন। কথার পথ ধরেই দক্ষিণ আর উত্তর ভারতীয় সুরে গাওয়া হলো ‘রুমঝুম ঝুমঝুম নূপুর বোলে’, ‘রসঘন শ্যাম কল্যাণ সুন্দর’, ‘ওগো অন্তর্যামী ভক্তের তব’। এভাবেই এগিয়ে যেতে থাকল অনুষ্ঠান। কিছু খুব পরিচিত, কিছু অল্প পরিচিত গান করলেন শিল্পীরা। ‘কাবেরী নদীজলে’, নীলাম্বরী শাড়ি পরি’ ধরনের পরিচিত গানগুলোর পাশাপাশি খানিকটা অপরিচিত গানও কিন্তু জয় করে নিল মন।
অনুষ্ঠানে মহুয়া মঞ্জরী, অভিজিৎ কুণ্ডু, তানভীর আহমেদ, সুস্মিতা দেবনাথ, নবনীতা চক্রবর্তী, মোহিত খান, বিজনচন্দ্র মিস্ত্রী, আফরোজা খান, সুমন মজুমদার, নাসিমা শাহীন, কল্পনা আনাম ও খায়রুল আনাম শাকিল গান করেন।
সম্মেলক কণ্ঠে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনান ‘মেঘবিহীন খর বৈশাখে’। এরপর ঐতিহ্যমতো জাতীয় সংগীত দিয়ে শেষ হয় অনুষ্ঠান। কিন্তু বৈচিত্র্যের রেশ কিছুতেই ছাড়ে না দর্শক-শ্রোতাকে। অনুষ্ঠান শেষে নজরুলের বহু পরিচয়ের একটি পরিচয়ে ঋদ্ধ হয়ে দর্শক-শ্রোতা বাড়ি ফেরেন।