এভারেস্ট বিজয় নিয়ে ইতিহাস বিকৃতির নিন্দা
চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত সকালবেলার পাখি নামের শিশু সংকলনে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী সম্পর্কে অসত্য তথ্য প্রকাশের নিন্দা জানিয়েছে পর্বতারোহীদের দুটি সংগঠন নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব (ডিইউএমএসি)। ওই সংকলনে ইনাম আল হকের ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ শিরোনামের লেখায় এম এ মুহিতকে বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।গতকাল বুধবার ওই দুটি সংগঠনের বিবৃতিতে বলা হয়, ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। এর পরের বছর এভারেস্টে আরোহণ করেন এম এ মুহিত। কিন্তু প্রতিবেদনটিতে অসত্য তথ্য উপস্থাপন করে ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা চালানো হয়েছে।এদিকে গত সোমবার এভারেস্ট বিজয় নিয়ে তথ্য বিকৃত করে সকালবেলার পাখী সংকলনের প্রকাশনা, বাজারজাত ও হস্তান্তরের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর আদেশ জারি করেছেন আদালত। বিবাদীপক্ষ নোটিশের জবাব না দেওয়া পর্যন্ত সকালবেলার পাখী সংকলনটির বাজারজাত, প্রকাশনা এবং যেকোনো রকম হস্তান্তরের ওপর স্থগিতাদেশ দেন আদালত। পরদিন ঢাকার পঞ্চম জেলা যুগ্ম জজ সাঈদুর রহমান গাজী এ আদেশ দেন। সকালবেলার পাখী সংকলনের প্রকাশক, সম্পাদকসহ সাতজনকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।