এম আর খান সত্যিকার অর্থেই শিশুবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ বছর বয়সেও জাতীয় অধ্যাপক এম আর খান শিশুদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার নতুন নতুন ক্ষেত্র তৈরি করছেন, গড়ে তুলছেন সেবাদানকারী প্রতিষ্ঠান। সত্যিকার অর্থেই তিনি শিশুবন্ধু।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খানকে এভাবেই মূল্যায়ন করেছেন বক্তারা।এম আর খানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘স্টার অব চাইল্ড হিউম্যানিটি’ তথ্যচিত্রের প্রিমিয়ার শো, শিশুবন্ধু স্বর্ণপদক, ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক এবং সাস্ক: বন্ধন এষা খান স্মৃতি পদক-২০১০ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট এবং বাংলাদেশ উন্নয়ন সাংবাদিকতা ফোরাম। অনুষ্ঠানে এম আর খান বলেন, ‘যেটা ভালো মনে করেন, সেটা সেই দিনই করেন। না হলে পরে আর হবে না।’অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি স্পিকার এম শওকত আলী বলেন, ‘নিয়ন্ত্রণহীন জনসংখ্যা দেশকে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে যা করা প্রয়োজন সরকার তা করতে পারেনি।’ তিনি বলেন, সবাই নিজ অবস্থান থেকে এম আর খানের মতো দেশের জন্য কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে।অনুষ্ঠানে বারডেম হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক নাজমুন্নাহারকে শিশুবন্ধু স্বর্ণপদক ২০১০ প্রদান করা হয়। নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ মরহুমা তাহেরা বেগমকে দেওয়া হয় ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক-২০১০। পদক নেন তাঁর মেয়ে নাসরিন কবির। এভারেস্টজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীমকে সাস্ক: বন্ধন এষা খান স্মৃতি পদক-২০১০ দেওয়া হয়। প্রবীণ সাংবাদিক তোয়াব খানের মেয়ে এবং রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এষা খান ১৯৯৮ সালে মারা যান।শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহসভাপতি এ কে এম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ রাশেদ খান মেনন, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ শহিদুল্লাহ, আলী নিয়ামত প্রমুখ বক্তব্য দেন।