এম হাফিজউদ্দিন খানের বক্তব্য তাঁর ব্যক্তিগত, টিআইবির নয়
টিআইবির সাবেক চেয়ারপারসন এম হাফিজউদ্দিন খান বলেছেন, গত শনিবারের অনুষ্ঠানে তিনি টিআইবির প্রতিনিধি হিসেবে বা ওই সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার সূত্রে অংশগ্রহণ করেননি। দেশের একজন নাগরিক হিসেবে তিনি অভিমত প্রকাশ করেছেন। এর সঙ্গে টিআইবিকে সম্পৃক্ত করা কোনো অবস্থায় যুক্তিযুক্ত নয় বলেও মনে করেন তিনি।গতকাল রোববার এক বিবৃতিতে হাফিজউদ্দিন খান এসব কথা বলেন। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক ঐক্য’ আয়োজিত আলোচনা সভায় রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে হাফিজউদ্দিন খান বলেন, অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে টিআইবির কোনো সম্পর্ক নেই।এম হাফিজউদ্দিন আরও বলেন, কোনো কোনো পত্রিকায় তাঁকে অনুষ্ঠানের প্রধান অতিথি বলা হয়েছে, এটাও সঠিক নয়। নাগরিক ঐক্যের উদ্যোগের প্রতি শুভকামনা জানাতে ব্যক্তিগত অবস্থান থেকেই তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির সব কার্যক্রম দলীয় বা সক্রিয় রাজনীতির ঊর্ধ্বে, সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। ওই অনুষ্ঠানে কয়েকটি বেসরকারি সংগঠনের সঙ্গে টিআইবির নাম যেভাবে উদ্যোক্তাদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, তা তাঁদের সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। এর সঙ্গেও টিআইবির সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তি।