এমআইএসটিতে কৃতী গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নবম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃতী গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী ও সামরিক ছাত্র অফিসারদের মধ্যে সনদ ও মেডেল বিতরণ করেন। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ৬১, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪১, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ৪৮, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের ৪৫ জনসহ মোট ১৯৫ জন ছাত্রছাত্রী এবং সামরিক ছাত্র অফিসারকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সনদ প্রদান করা হয়।শিক্ষামন্ত্রী সর্বোচ্চ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ইইসিই বিভাগের মারজুকা আহম্মদ জুমানাকে ‘ওসমানী মেমোরিয়াল মেডেল’ প্রদান করেন। এ ছাড়া এমআইএসটির সিই বিভাগের মেজর মোহাম্মদ রেজাউল করিম, ইঞ্জিনিয়ার্স সিএসই বিভাগের দীন মোহাম্মদ আবদুল্লাহ, ইইসিই বিভাগের মারজুকা আহম্মদ জুমানা এবং এমই বিভাগের নাজিয়া বিনতে মনিরকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ‘এমআইএসটি মেডেল’ প্রদান করা হয়। উল্লেখ্য, গত এক যুগে এমআইএসটিতে বিদ্যমান পাঁচটি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এমবিএ প্রোগ্রামসহ এ পর্যন্ত ৯৯২ জন ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সংসদ সদস্য, কূটনীতিক, সচিব, উপাচার্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।