এমএলএম আইনের খসড়াটি প্রতারণা ঠেকাতে যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন (মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম) কার্যক্রমে জনগণের সঙ্গে প্রতারণা ঠেকাতে সরাসরি বিক্রয় আইন, ২০১১-এর খসড়াটি যথেষ্ট নয়। ভোক্তা-অধিকার নিশ্চিত করার ব্যাপারেও এতে তেমন কিছু উল্লেখ নেই। গতকাল সোমবার বাংলাদেশ ট্যারিফ কমিশন ও মেট্রো চেম্বারের (এমসিসিআই) যৌথ আয়োজনে ‘খসড়া সরাসরি বিক্রয় আইন, ২০১১’-এর ওপর এক আলোচনা সভায় এমন মতামত উঠে এসেছে।আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কাশেম।রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে অনুষ্ঠিত এ আলোচনায় এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী স্বাগত ভাষণ দেন। সূচনা বক্তব্য দেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাণিজ্যসচিব গোলাম হোসেন।এতে নির্ধারিত আলোচক ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এমসিসিআইয়ের সদস্য হাবিবুল্লাহ এন করিম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু হেনা মো. রাজি হাসান। মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক বাণিজ্যসচিব ফিরোজ আহমেদ, সুহেল আহমেদ চৌধুরী ও মনজুর আহমেদ। ধন্যবাদ জানান এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবির।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বিপণন পদ্ধতির জবাবদিহি ও স্বচ্ছতার জন্যই সরাসরি বিক্রয় আইন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশেই এমএলএম হচ্ছে। তবে এমএলএম বা যে নামেই ডাকা হোক না কেন, এটি নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।ফারুক খান বলেন, খসড়া আইনটি নিয়ে আরও আলোচনার দরকার। তারপর তা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে। তারপর তা যাবে সংসদীয় স্থায়ী কমিটিতে।আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বাণিজ্যসচিব জানান, সরাসরি বিক্রয়জনিত ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানি ও ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ক্রেতা, ক্রেতা-পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য বিধান তৈরি করা এ আইনের উদ্দেশ্য। আর এ উদ্দেশ্য পূরণের জন্য একটি পরিদপ্তর থাকবে, যা ডাইরেক্ট সেল পরিদপ্তর নামে অভিহিত হবে।বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অপরাধ ও দণ্ড বিষয়ে আইনে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছর থেকে তিন বছর কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে।আলোচনায় বক্তারা ব্যবসায়ের জন্য নিবন্ধন নেওয়ার শর্ত, সরাসরি বিক্রয় পদ্ধতি, পণ্যের গুণগত মান এড়িয়ে শুধু পণ্যমূল্য নিয়ে শর্ত, কম জরিমানা ও অন্য বিধির সঙ্গে সাংঘর্ষিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা আর্থিক জরিমানার অঙ্ক বাড়িয়ে ধরে আইনটি সংসদে যাওয়ার আগে এমএলএমের অবদান খুঁজে দেখা দরকার বলেও মনে করেন।