এমডিজি-পরবর্তী কর্মসূচি নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় ধনী-দরিদ্র বৈষম্য দূর করার ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায় খুব স্পষ্টভাবে বলা হয়নি। উচ্চপর্যায়ের প্যানেলের ওই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজনের অর্থায়ন ও জনগণের অবাধ চলাচলের মতো বিষয়গুলো ঊহ্য থেকেছে। উন্নয়নের অন্যতম প্রধান এসব অনুষঙ্গকে পাশ কাটানো হলে ২০৩০ সালের মধ্যে পৃথিবীকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করাটা স্বপ্নই থেকে যাবে। গতকাল বুধবার রাজধানীতে ২০১৫ (এমডিজি-সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা)-পরবর্তী উন্নয়ন এজেন্ডার বিষয়ে উচ্চপর্যায়ের প্যানেলের প্রতিবেদন সম্পর্কে বক্তারা এসব অভিমত দিয়েছেন। গতকাল দুপুরে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসায় এ নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়। প্রসঙ্গত, জাতিসংঘের ২৭ দেশের সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের প্যানেলটি গঠন করা হয়। গত ২৭ মার্চ ইন্দোনেশিয়ার বালিতে ওই প্যানেলের আলোচনা শেষে প্রতিবেদনটি গৃহীত হয়। ওই আলোচনায় যৌথভাবে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইউনো। গত ৩০ মে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে ওই প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।এ প্রতিবেদন নিয়ে গতকাল ঢাকায় আলাচনা করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার প্রমুখ। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক অনু বিভাগের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) এ দেশীয় প্রতিনিধি সারাহ কুক। স্বাগত বক্তৃতায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, উন্নয়নের এ এজেন্ডাগুলো বৈশ্বিক। উন্নত ও উন্নয়নশীল সব দেশের জন্যই এসব প্রযোজ্য। আর সমস্যা উত্তরণে সবার অবদান রাখার সুযোগ রয়েছে। এ প্রক্রিয়া শুধু সরকারের মাঝেই সীমিত থাকবে না। প্রতিবেদনে নতুন বৈশ্বিক অংশীদারির কথা বলা হয়েছে, সেখানে ব্যবসায়ী ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা থাকবে।আলোচনার শুরুতে গত ৩০ মে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে হস্তান্তর করা উচ্চপর্যায়ের প্যানেলের প্রতিপাদ্য সম্পর্কে একটি উপস্থাপন করেন ডিএফআইডির পরামর্শক লরি থম্পসন।সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের উল্লেখ করে উচ্চপর্যায়ের প্যানেলের প্রতিবেদনের সমালোচনা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে ক্রমবর্ধমান হারে ভূমিহীন দরিদ্রের সংখ্যা বাড়ছে। অথচ প্রতিবেদনে গৃহহীনদের সমস্যা কীভাবে সমাধান করা হবে, তা উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে দুর্বল ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে কিছু অঙ্গীকার করা হয়েছে। অথচ দারিদ্র্য ও বৈষম্যের মূলোৎপাটন কীভাবে করা হবে, সে সম্পর্কে কিছু বলা হয়নি। কাজেই ২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার গুণগত পরিবর্তন সম্ভব হবে না। তাই পৃথিবী আরও ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ সমাজে পরিণত হবে না। নিল ওয়াকার বলেন, জনসংখ্যার নিরিখে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক বিতর্কে ইতিবাচক ভূমিকা রাখায় অনেক দেশ বাংলাদেশকে দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করে।