এমপি হোস্টেল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি
জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় তিন দিনেও মেলেনি। ওই নারীর লাশ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে।এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকের তৃতীয় তলার পরিত্যক্ত বাথরুম-সংলগ্ন ছাউনি থেকে গত রোববার সন্ধ্যায় ওই নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। সোমবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পেটেও আঘাতের চিহ্ন ছিল।গতকাল মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধারের স্থানে যান এ মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) আজিমউদ্দীন। পরে তিনি প্রথম আলোকে বলেন, ওই নারীর পরিচয় মেলেনি। পুলিশ তাঁর পোশাক সংরক্ষণ করেছে।জানতে চাইলে আজিমউদ্দীন বলেন, ওই নারী কবে, কখন, কার সঙ্গে ওই এলাকায় ঢুকেছিলেন সেসব জানাই হলো তদন্তের মূল বিষয়। তা ছাড়া পুলিশের কাছে এমন কোনো প্রযুক্তি নেই, যাতে লাশ দেখে বলা যায় কবে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর পরিচয় জানা গেলেও তদন্তের একটা ভিত্তি পাওয়া যেত। তা-ও মেলেনি।পুলিশ জানায়, পরবর্তী সময়ে লাশ শনাক্তকরণের জন্য তারা ডিএনএ উপাদান সংরক্ষণ করেছে।