এমপিওভুক্তির দাবিতে আন্দোলন এক মাসের জন্য স্থগিত
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট তাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছে। গতকাল বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করার পর সংগঠনের নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। ঐক্যজোটের সভাপতি এশারত আলীর নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদল গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে তাদের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সাক্ষাৎ শেষে এশারত আলীসহ অন্য নেতারা জানান, শিক্ষামন্ত্রী তাঁদের দাবি-দাওয়ার বিষয়টি পর্যালোচনা করে এক মাস পর আবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। তাই শিক্ষকেরা এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করেছেন। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকেরাই শিক্ষার নিয়ামক শক্তি। শিক্ষকদের প্রতি আমরা সব সময়ই সহানুভূতিশীল। তাঁদের দাবির ব্যাপারে কীভাবে কী করা যায়, সে বিষয়ে আমরা পর্যালোচনা করে আবার তাঁদের সঙ্গে বসব।’এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এমপিওভুক্তির দাবিতে সোমবার থেকে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করছিল।