এমপিওভুক্তির দাবিতে দিনভর অবস্থান ধর্মঘট, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গতকাল বুধবার দিনভর নানা কর্মসূচির পর বিকেলে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার তাঁরা সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন।এর আগে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা পাঁচ দফা দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান ধর্মঘট শুরু করেন। তাঁরা মাথায় কাফনের কাপড় পরেন এবং দাবিসংবলিত বিভিন্ন ব্যানার বহন করেন। এ সময় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে।শিক্ষকেরা পরে সেখান থেকে মিছিল নিয়ে পল্টন ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তাঁরা উল্টো দিকে ঘুরে দুপুর ১২টার দিকে স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। এবারও পুলিশ তাঁদের শাহবাগে শিশুপার্কের সামনে আটকে দেয়। শিক্ষকেরা অবরোধ ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের বাধার মুখে সামনে এগোতে না পেরে শিক্ষকেরা রাস্তার ওপর অবস্থান নেন। ওইখানে দাঁড়িয়ে বক্তব্য দেন তাঁরা।পুলিশ এ সময় যান চলাচল বন্ধ করে দেয়। পরে বিকেল চারটার দিকে ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।স্মারকলিপিতে তাঁরা পাঁচ দফা দাবি উল্লেখ করেন। এগুলো হলো: চলতি অর্থবছরে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, স্বীকৃতির সময়কাল থেকে চাকরির বয়সকাল গণনা, এমপিওর ক্ষেত্রে সাংসদের ডিও লেটার দেওয়ার প্রয়োজন বিলুপ্ত, এমপিও প্রদানে অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধ এবং স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি শেষ না হওয়া পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়া।স্মারকলিপি দিয়ে প্রতিনিধিদল ফিরে এলে ঐক্যজোটের সহসভাপতি আবুল কালাম আজাদ শিক্ষকদের নিয়ে প্রেসক্লাবের সামনে যান। এ সময় তিনি দাবি আদায়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।এশারত আলী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় (গতকাল) আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফের সঙ্গে ধানমন্ডিতে বৈঠক আছে। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’ এমপিওভুক্তির দাবিতে এই শিক্ষকেরা এ নিয়ে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করলেন।রাজধানীজুড়ে যানজট: শিশুপার্কের সামনে রাস্তা দখল করে অবস্থান নেওয়ায় দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ থাকে। এ সময় গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর থেকে মতিঝিল ও গুলিস্তানমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল ও গুলিস্তানমুখী কিছু যানবাহন একপর্যায়ে পুলিশ বিকল্প পথে রূপসী বাংলা হোটেলের সামনের পথ, বকশীবাজার ও বাংলামোটর হয়ে মগবাজারের দিকে ঘুরিয়ে দেয়। এ সময় ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার ও কাকরাইল এলাকা অচল হয়ে পড়ে।বিকেল পাঁচটার দিকে রূপসী বাংলা হোটেলের মোড়ে অফিসফেরত শত শত মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। মুশফিকুর রহমান নামের একজন বলেন, মিরপুরের বাস না পাওয়ায় প্রেসক্লাবের সামনে থেকে হেঁটে তিনি শাহবাগে এসেছেন। তিনি বলেন, যানজট ঠেলে একটা বাস এলে একসঙ্গে অনেকে হুমড়ি খেয়ে পড়েন। তাই তিনি উঠতে পারেননি।