এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।অবস্থান ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না বলেও অঙ্গীকার করেছেন।নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদের সমন্বয়ক হানিফ উল্লাহ এতে সভাপতিত্ব করেন।এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়া, প্রগতিশীল চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় সংগঠক প্রাণবেন্দু দেব রায় প্রমুখ সংহতি জানিয়ে বক্তব্য দেন। সারা দেশ থেকে আসা শিক্ষক এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাও এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন। অন্যদিকে গতকাল বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম) রাজধানীর একটি হোটেলে এক জরুরি সভা করে ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।