এলাকা কোটা মেনে স্কুলে ভর্তি
ঢাকা মহানগর এলাকায় অবস্থিত সরকারি বিদ্যালয়ে থানাভিত্তিক ‘বিদ্যালয় সেবা অঞ্চল’ করা হচ্ছে। একেকটি বিদ্যালয়ের আশপাশের এলাকা নিয়ে করা এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্যই ৪০ শতাংশ এলাকা কোটা রাখা হবে। বাকি আসনে আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি হবে।
ইতিমধ্যে ঢাকা মহানগরের ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (প্রাথমিক স্তর সংযুক্তসহ) জন্য খসড়া ‘বিদ্যালয় সেবা অঞ্চল’ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। একটি বিদ্যালয় তার আশপাশের যেসব এলাকার শিক্ষার্থীদের শিক্ষা দেয়, তা সেবা অঞ্চল বা ‘ক্যাচমেন্ট এরিয়া’ বলে বিবেচিত হবে।
অন্যদিকে ঢাকার বেসরকারি বিদ্যালয়গুলোকেও এলাকা কোটা মানতে হবে। যেসব বিদ্যালয় এই কোটার কথা উল্লেখ না করেই ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে, তাদের বিজ্ঞপ্তি সংশোধন করে এলাকা কোটা উল্লেখ করতে হবে। এলাকার শিক্ষার্থীরা এলাকার বিদ্যালয়ে পড়বে—এমন লক্ষ্য নিয়ে সরকার এবার প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা মহানগর এলাকায় অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর ‘বিদ্যালয় সেবা অঞ্চল’সহ ভর্তির অন্যান্য বিষয় ঠিক করতে আজ মঙ্গলবার মাউশিতে দুই দফায় বৈঠক ডাকা হয়েছে। আগামীকাল দেশের সবগুলো জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (একজন করে) ও ভর্তি কমিটির সদস্যসচিবদের নিয়ে জেলা পর্যায়ের বিদ্যালয়গুলোর ভর্তি নিয়ে আরও দুটি সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন আগে ঢাকা মহানগর এলাকায় অবস্থিত সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তিতে এলাকার ভর্তি-ইচ্ছুকদের জন্য ৪০ শতাংশ কোটা রেখে ভর্তির নীতিমালা জারি করে। এ জন্য থানাভিত্তিক সেবা অঞ্চল করা হচ্ছে। যেমন, ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সেবা অঞ্চল হতে পারে ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ থানাসহ আশপাশের কিছু এলাকা। আজকের বৈঠকে এলাকা নির্ধারণের বিষয়ে চূড়ান্ত হবে।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বিদ্যালয়গুলোতে আগামী ১ ডিসেম্বর ভোররাত থেকে টেলিটকের মাধ্যমে ফরম পূরণ করা শুরু হবে, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
কেউ মানছে, কেউ মানছে না: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কোটা নির্ধারণ না করেই ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে ১০ নভেম্বর আবেদনপত্র বিতরণ শুরু করে। স্কুল অ্যান্ড কলেজটির অধ্যক্ষ সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, এখন তাঁরা এ বিষয়টি উল্লেখ করে দেবেন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখার জন্য এলাকা কোটা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, মতিঝিল শাখার জন্য মতিঝিল কলোনি, মুগদার জন্য মুগদা থানা ও বনশ্রীর জন্য রামপুরা থানাকে সেবা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে মতিঝিল শাখার জন্য শুধু মতিঝিল কলোনিকে সেবা অঞ্চল করায় অভিভাবকদের অনেকেই আপত্তি তুলেছেন।
বছরের শেষ সময়ে এসে দেশের বিদ্যালয়গুলোতে এখন ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী, আগের মতো প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ও নবম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে।