এলাকাবাসী উদ্ধার করছে দেবধোলাই খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মাতুয়াইলের কাজলার পাড়ের দেবধোলাই খালটি আবর্জনা ও অবৈধ স্থাপনা থেকে মুক্ত হচ্ছে। মাতুয়াইল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্যের (মেম্বার) নেতৃত্বে স্থানীয় সচেতন নাগরিকেরা এই খালটি পরিচ্ছন্ন করে পুনঃখননকাজে হাত দিয়েছেন।অবরুদ্ধ খালটি উদ্ধারের কাজ গতকাল পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কয়েকজন কর্মকর্তা।খোঁজ নিয়ে জানা যায়, দুই কিলোমিটার দীর্ঘ ও ২০ ফুট চওড়া দেবধোলাই খাল আবর্জনা ও অবৈধ স্থাপনায় ভরাট থাকায় একটুখানি বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। এ ছাড়া আবদ্ধ নোংরা পানিতে মশা বংশবিস্তার করত। এতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ থাকত কাজলার পাড়ের বাসিন্দারা।মাতুয়াইল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী আহাম্মদ বলেন, খালটি সংস্কারে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া সরানো হয়েছে আবর্জনা। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই উদ্ধারকাজ সম্পন্ন করতে আরও দুই দিনের মতো লাগবে।আলী আহাম্মদ আরও বলেন, ‘খাল খনন করা হলে বৃষ্টির পানি দ্রুত এলাকা থেকে সরে যাবে। এলাকার জলাবদ্ধতা দূর হবে। এ ছাড়া পরিবেশের জন্যও এটা ভালো একটা ফল বয়ে আনবে। তবে খাল উদ্ধার করলেই হবে না, উদ্ধার অবস্থা ধরে রাখতে হবে। খালের দুই পাড় সিমেন্ট দিয়ে বাঁধাই করে দিলে ভবিষ্যতে কেউ খাল পুনর্দখলের চেষ্টা করতে সাহস পাবে না। এ কাজের জন্য আমরা প্রশাসনের সহায়তা চাইছি।’কাজলার পাড়ের বাসিন্দা রিয়াজউদ্দিন আহমেদ সরদার বলেন, ‘আমরা পরিচ্ছন্ন একটা এলাকা চাই। আমরা সবাই যে যা পেরেছি, সেই পরিমাণ অর্থ-সহায়তা দিয়ে খালটির পানিপ্রবাহের উপযোগী করে তুলছি। এখন এ অবস্থা ধরে রাখতে খালের দুই পাড় সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেওয়া জরুরি।’এদিকে গতকাল বেলা ১১টায় বাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জে কে বড়াল, দুই যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা ও মিহির বিশ্বাস দেবধোলাই খাল সংস্কারের কাজটি পরিদর্শন করেন। তাঁরা এলাকাবাসীর খাল উদ্ধারের এই সম্মিলিত প্রয়াসের প্রশংসা করেন। তাঁরা জানান, যেকোনো এলাকার খাল উদ্ধারের অভিযানে তাঁরা এলাকাবাসীর পাশে থাকবেন। এ ধরনের কাজে সহায়তাও দেবেন।খাল উদ্ধারের বিষয়ে মাতুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন বলেন, ‘এ ধরনের কাজে সরকার সহায়তা দেবে বলে আশা করছি।’