পুরান ঢাকার সিদ্দিকবাজারে মেয়র হানিফ কমিউনিটি সেন্টারের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণে ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে আপত্তি জানিয়েছে এলাকাবাসী। নতুন ভবন নির্মাণ করলে কমিউনিটি সেন্টারটির পুরোনো ভবনের সামনের খালি জায়গাটুকু থাকবে না বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।ডিসিসি সূত্র জানায়, কমিউনিটি সেন্টারটির পুরোনো দুটি ভবন ভেঙে আধুনিক মানের কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কমিউনিটি সেন্টারটি সিদ্দিকবাজার ছাড়াও আশপাশের এলাকার লোকজনের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। ৭০ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে কাজে লাগানো ছাড়াও জানাজার নামাজ, খেলাধুলা, প্রাতর্ভ্রমণ, জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কাজে ব্যবহার হয়ে আসছে সেন্টারটি। পুরোনো ভবন ভেঙে সেখানে কী ধরনের ভবন নির্মাণ করা হচ্ছে, তা এলাকাবাসীর জানা না থাকায় নতুন ভবন নির্মাণে আপত্তি তোলা হয়। বিষয়টি নিয়ে তাঁরা ডিসিসির মেয়র, মন্ত্রণালয়, স্থানীয় সাংসদ, ওয়ার্ড কাউন্সিলর ও জেলা প্রশাসককে দরখাস্ত দিয়েছেন।ডিসিসি অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম বলেন, পুরোনো ভবন দুটি ভেঙে সেখানে নতুন আধুনিক ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি পূরণে খালি জায়গা রাখা হচ্ছে বলে তিনি জানান।