এলাকায় ঘুরে বেড়ান আসামি, খুঁজে পায় না পুলিশ
এলাকার লোকজন বলছেন, আসামি এলাকাতেই আছেন। কাউন্সিলর মামার গাড়িতে ঘুরে বেড়ান। প্রায়ই দেখা যায় তাঁকে। তবে পুলিশ বলছে, আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালানোর পরও কোনো খোঁজ মিলছে না।
মিরপুরে স্কুলছাত্র বাবুল সিকদার খুনের ঘটনার দেড় মাস পেরিয়ে গেছে। বাবুলের পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, বাবুল হত্যা মামলার একমাত্র আসামি রায়ান হোসেন খানের এক মামা স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আরেক মামা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ কারণেই পুলিশ তাঁকে ধরছে না।
গত ১১ মে মিরপুরের ধানখেত মোড়ের একটি মাঠে ক্রিকেট খেলার সময় রায়ান স্টাম্প দিয়ে বাবুলকে আঘাত করেন। এরপর নিউরো সায়েন্সেস হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ওই দিনই বাবুলের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের বাণিজ্য শাখা থেকে জিপিএ-৫ পায় বাবুল। পরদিন তার বাবা মো. মোস্তফা সিকদার মিরপুর মডেল থানায় রায়ান হোসেন খানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মোস্তফা সিকদার প্রথম আলোকে বলেন, ‘রায়ান মায়ের সঙ্গে তার কাউন্সিলর মামার বাসায় থাকত। ঘটনার পর এখন নিয়মিত না থাকলেও যাতায়াত করে। মামার গাড়িতে করে ঘুরে বেড়ায়। এলাকাবাসী দেখে আমাকে কয়েকবার জানিয়েছে। আমি পুলিশকে জানিয়েছি। কিন্তু কাজ হয়নি।’
মোস্তফা সিকদার জানান, পুলিশকে কিছু বললে, তারা উল্টো তথ্য জানতে চায়। বলে, ‘আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন।’ তাঁর প্রশ্ন, ‘পুলিশ যদি তার কাজ আমার ঘাড়ে চাপায় তাইলে আসামি ধরা পড়বে কেমনে।’
বাবুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। কয়েক দিন আগে তুরাগ থানায় বদলি হয়েছেন তিনি। জানতে চাইলে প্রথম আলোকে বলেন, তিনজন প্রত্যক্ষদর্শী আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনজনই রায়ানের স্টাম্পের আঘাতে বাবুলের মৃত্যুর কথা বলেছেন। মামলার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখন শুধু আসামিকে গ্রেপ্তার করা বাকি।
আসামিকে গ্রেপ্তার করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলেটা আগে যে মুঠোফোন ব্যবহার করত এখন আর তা ব্যবহার করছে না। তাই মুঠোফোন ট্র্যাকিং করে তার সন্ধান মিলছে না। কয়েকবার এলাকায়ও অভিযান চালানো হয়েছে কিন্তু পাওয়া যায়নি।’
মামারা ছাত্রলীগের নেতা হওয়ায় গ্রেপ্তার করা হচ্ছে না—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘মোটেই না। আমি যে কয়েকবার তাঁদের কাছে গিয়েছি, তাঁরা সহযোগিতা করেছেন। বলেছেন, যেখানেই তাকে পাওয়া যাবে ধরিয়ে পুলিশের কাছে দেওয়া হবে।’
তবে রায়ান কোথায় পড়েন, তাঁর পুরো নাম কী—এসব তথ্যও গত দেড় মাসে নিশ্চিত হতে পারেনি পুলিশ। রায়ানের নাম পুলিশের নথিতে রয়েছে রায়হান হিসেবে। আর কোথায় পড়েন এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘ধানমন্ডির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে।’ ধানমন্ডিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই জানালে শফিকুর বলেন, ‘পরিবার তো তা-ই বলল।’
তবে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রায়ান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল পাস করেছেন। এরপর তিনি আদৌ কোথাও ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে কেউ নিশ্চিত নন।
রায়ান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেনের ভাগনে। মায়ের সঙ্গে কাউন্সিলর মামার বাসায় তিনি থাকতেন। এখনো ওই বাসায়ই তাঁর যাতায়াত। বুধবার ওই বাসায় গেলে ফটকের নিরাপত্তা কর্মী জানান, ইকবাল হোসেন ওমরাহ পালন করতে দেশের বাইরে রয়েছেন। রায়ানের মা-ও বাসায় নেই। পরে মিরপুর ১ নম্বরে রায়ানের মামা মো. দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর দোকানে কথা হয়।
দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, ওকে পেলে গ্রেপ্তার করতে।’ মামার বাসায় তাঁর নিয়মিত যাতায়াত আর তিনজন প্রত্যক্ষদর্শী জবানবন্দি দিয়েছেন, এসব প্রসঙ্গ টানলে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার বলেন, ‘কী হবে এসব দিয়ে, বলেন। কিছুই হবে না। আমরা অনেক আইন জানি।’