প্রথম আলো ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত গোলটেবিল বৈঠক
এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগ দরকার

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন সরকারের একার পক্ষে সম্ভব নয়। স্বচ্ছতার সঙ্গে সব পর্যায়ের অংশগ্রহণ লাগবে। তিনি বলেন, ‘এসডিজি অর্জন নিয়ে শুধু সরকার নয়, সবাই চিন্তা করছে। এটা ভালো লাগছে।’ তাঁর মতে, এ দেশের বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন করাই বড় চ্যালেঞ্জ। সম্পদ তৈরি করতে পারলে উন্নয়নের সুযোগ তৈরি হবে। সরকার সে চেষ্টাই করছে।
গতকাল মঙ্গলবার প্রথম আলো ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ এসব কথা বলেন।
এসডিজি অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞরাও। বৈঠকে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা বলেছেন, এসডিজির নির্ধারিত ১৭টি লক্ষ্য অর্জন সরকারের একার উদ্যোগে সম্ভব নয়। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সবার সহযোগিতা প্রয়োজন। যে যার জায়গা থেকে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নারীর সমতা প্রসঙ্গে মেহের আফরোজ বলেন, মাধ্যমিক স্কুলগুলোকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হলে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের প্রবণতা কমে যাবে।
প্রতিমন্ত্রীর এ কথার পরিপ্রেক্ষিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রশ্ন করেন, মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকছে কি না? উত্তরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জানান, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছরই থাকছে। এ সময় তিনি আরও বলেন, যদি স্কুলগুলোকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করা যায়, তাহলে বাল্যবিবাহের প্রবণতা কমবে। কারণ, মাধ্যমিক পাস করার পর কলেজ অনেক দূরে হওয়ায় অনেক অভিভাবক মেয়েদের সেখানে পাঠাতে চান না। তাদের বিয়ে দেওয়া হয়। অর্থাৎ বাল্যবিবাহ সমস্যার সমাধানটাই করতে হবে।
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, এসডিজির যে ১৭ লক্ষ্য ও ১৬৯টি টার্গেট রয়েছে, সেগুলো বাংলাদেশ নিজেদের মতো অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে পারে। তবে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত জনসংখ্যা ব্যবস্থাপনা। তাঁর মতে, প্রতিবছর এসডিজির অগ্রগতি মূল্যায়ন করা দরকার। ভালো করছি এমন বাহবা নেওয়ার চেয়ে সেসব মূল্যায়নে প্রকৃত চিত্র তুলে ধরা উচিত।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘বাংলাদেশে যা অর্জন হয়েছে তা নিজেদের টাকায়। এসডিজি বাস্তবায়নেও বিদেশি অর্থ পাওয়া যাবে না। আমরা অনেক ভালো নীতি তৈরি করতে পারি, কিন্তু বাস্তবায়ন করতে পারি না। তাই এসডিজি বাস্তবায়নে প্রতিষ্ঠানে মানবসম্পদ তৈরি করতে হবে।’ দারিদ্র্যকে শুধু আয় দিয়ে পরিমাপ না করে জীবনমান, স্বাস্থ্য, শিক্ষার মতো সামাজিক সূচক দিয়ে বিবেচনা করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বেসরকারি প্রতিষ্ঠান পিপিআরসির সভাপতি হোসেন জিল্লুর রহমান বলেন, যেহেতু এসডিজি বাস্তবায়নে বিদেশি সহায়তা আসবে না, তাই এর পেছনে দৌড়াদৌড়িতে শক্তি ক্ষয় না করে অংশীজন ভিত্তিতে এসডিজি বাস্তবায়ন করা যেতে পারে। এই অংশীদারত্ব উদ্ভাবনী উপায়ে হলে বেশি কার্যকর হবে।
স্বাস্থ্যসেবার উন্নয়নের তাগিদ দিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে অনেক মানুষ। তিনি আরও বলেন, এ দেশে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া হলেও মাধ্যমিকে দেওয়া হয়নি। যদি এক হাজার নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয় করা যায়; তবে পদ্মা সেতু অর্থনীতিতে যে প্রভাব ফেলবে, এটাও তেমন প্রভাব ফেলবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, এসডিজি অর্জনে শুধু অর্থ ব্যয় করলেই হবে না, দেখতে হবে এ অর্থ দারিদ্র্য বিমোচনে ব্যয় হচ্ছে কি না; অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে কি না। তিনি জানান, শিল্প, অবকাঠামোসহ বিভিন্ন খাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ পর্যন্ত ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর এক লাখের বেশি মানুষের দৃষ্টি ফেরাতে সহায়তা করছে ব্যাংকটি।

অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে বাংলাদেশের ৪ হাজার কোটি ডলার লাগবে। কীভাবে বিনিয়োগ করা হবে, সেটা নিয়ে ভাবতে হবে। ব্যাংকগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। সেটা সমাজে কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়ন করা উচিত। তাঁর মতে, নারীরা দেশের জনসংখ্যার অর্ধেক, তাদের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। আবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর জন্য পরিকল্পনা দরকার।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (টেকসই উন্নয়ন) মনোজ কুমার বিশ্বাস টেকসই উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য ঋণপ্রবাহ বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ওপর বেশি জোর দিতে হবে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের স্ট্র্যাটেজি কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট বিভাগের সিনিয়র জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ বাংলাদেশের কিছু সমস্যার কথা তুলে ধরেন। এগুলোর অন্যতম হলো দারিদ্র্য, সম্পদের দুষ্প্রাপ্যতা, অপরিকল্পিত নগরায়ণ, অসম প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নারীর সামাজিক ক্ষমতায়নের অভাব। এ ছাড়া জনসংখ্যার লভ্যাংশ বা ডিভিডেন্ড কাজে লাগানো না হলে বোঝা হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন।
ইউনিসেফের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট সান্তনু গুপ্ত বলেন, চরম দারিদ্র্য নিরসনই বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, শিশুরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্য দিয়ে বড় হচ্ছে। তাই শিশুদের জন্য আলাদা প্রকল্প নেওয়া দরকার।
ইউএনএফপিএর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (অ্যাডলসেন্ট অ্যান্ড ইয়ুথ) মুহাম্মদ মুনির হোসেন বলেন, তরুণ জনগোষ্ঠীর পেছনে এখনই বিনিয়োগ করার সময়। তিনি জানান, বর্তমানে ১৬ কোটি মানুষের মধ্যে ৫ কোটির বেশি রয়েছে ১০ থেকে ২৪ বছর বয়সী। ধীরে ধীরে তা কমবে। তাই এ তরুণ জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে এখনই বিনিয়োগ করা দরকার।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এসডিজি বাস্তবায়নে যেকোনো উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করবে প্রথম আলো।