ঐক্যবদ্ধ হয়ে নারীনীতি বাস্তবায়নের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও সাম্প্রদায়িক আগ্রাসনের অবসান ঘটানোর দাবিতে দেশব্যাপী বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে। কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বাধাবিপত্তি ঠেলে এ নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী ছয় ছাত্রসংগঠন অপরাজেয় বাংলার পাদদেশে মৌলবাদবিরোধী সংহতি সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘যারা নারীনীতি ও শিক্ষানীতির বিরোধিতা করছে, তারা আসলে বাংলাদেশ রাষ্ট্রকে পেছনের দিকে টেনে নিতে চাইছে।’বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা ভবিষ্যতে মৌলবাদীদের ডাকা হরতাল উপেক্ষা করা এবং লাঠি হাতে মৌলবাদীদের প্রতিরোধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র-শিক্ষকদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে মুফতি আমিনীর কুশপুত্তলিকা দাহ করা হয়।জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, আইন ও সালিশ কেন্দ্র, নাগরিক উদ্যোগ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুজন গতকাল যৌথভাবে একযোগে ৬৪ জেলায় মানববন্ধনের আয়োজন করে। এর অংশ হিসেবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত মানববন্ধনে ৩০টিরও বেশি সংগঠনের প্রায় ৫০০ জন অংশ নেন। এ মানববন্ধনে যৌক্তিক কারণ ছাড়া নারীনীতির বিরোধিতার নামে উন্মাদনা সৃষ্টি করার নিন্দা জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘নারীরা ঘরে থাকবে—কতিপয় ধর্মান্ধ ব্যক্তির এ বক্তব্য মেনে নেওয়া অসম্ভব। কেননা, নারীরা ঘরে চলে গেলে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হবে।’সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, যারা নারীনীতির বিরোধিতা করছে, তারা দেশের ক্ষুদ্র অংশ। তারা গায়ে পড়ে ঝগড়া লাগানোর চেষ্টা চালাচ্ছে। জাতীয় প্রেসক্লাবের সামনে নারীনীতির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ প্রতিহত করার দাবিতে কর্মজীবী নারী আয়োজিত মানববন্ধনে বক্তারা এ বিষয়ে প্রধান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন। তাঁরা সরকারের প্রতি নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, নারীনীতিতে কোরআন-সুন্নাহবিরোধী কোনো কথা নেই। তার পরও এ নীতির পক্ষে রাস্তায় নামতে হয়েছে। কেননা, একটি গোষ্ঠী দেশকে মধ্যযুগে ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, মুসলিম আইন অনুযায়ী নারীদের যে সম্পত্তি পাওয়ার কথা, সেটুকু তাঁরা পাচ্ছেন না। নারীদের প্রাপ্য হিস্যাটুকু মৌলবাদী গোষ্ঠী দিতে নারাজ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম ধর্মকে ব্যবহার করে দেশকে যারা পাকিস্তানের ভাবধারায় গড়ে তুলতে চাইছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। এ মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ আয়োজিত মানববন্ধনেও নারীনীতি বাস্তবায়নের দাবি তোলা হয়।