ঐতিহ্য আছে, সংরক্ষণ-আকর্ষণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিউটি বোর্ডিং। একসময় দেশের শিল্পী-সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র ছিল l ছবি: প্রথম আলো
বিউটি বোর্ডিং। একসময় দেশের শিল্পী-সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র ছিল l ছবি: প্রথম আলো

লালকুঠি, রূপলাল হাউস, বিউটি বোর্ডিং—ঐতিহ্যবাহী এই তিনটি স্থাপনাই পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকায় অবস্থিত। আর ফরাশগঞ্জ সড়কের দুই পাশের সব পুরোনো স্থাপনাকে ঘোষণা করা হয়েছে সংরক্ষিত ঐতিহ্য হিসেবে।

কিন্তু এই স্থাপনাগুলো জরাজীর্ণ। ব্যবহৃত হচ্ছে যথেচ্ছভাবে। সংরক্ষণের ঘোষণা আছে, উদ্যোগ নেই। ফলে এগুলোর কোনো দর্শনার্থীও নেই বললেই চলে। অথচ প্রতিটি স্থাপনার সঙ্গে কয়েক শ বছরের ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে আছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরান ঢাকা এমনিতেই ঘিঞ্জি এলাকা। জরাজীর্ণ ভবনে মানুষ বসবাস করে। সরকার এসব স্থাপনাকে সঠিকভাবে সংরক্ষণও করছে না, আবার মালিকদেরও নতুন কিছু করার অনুমতি দিচ্ছে না। একটা স্থবিরতা বিরাজ করছে এখানে।

এলাকার বাসিন্দারাও ফরাশগঞ্জকে একটি ঐতিহাসিক জনপদ ভেবে গর্ববোধ করেন। তাঁরা জানান, ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল ও ব্রিটিশ আমলের অনেক দৃষ্টিনন্দন ভবন। তাই সঠিক পরিকল্পনা নিয়ে এই এলাকাটিকে নতুনভাবে সাজাতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

ফরাশগঞ্জ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। শ্যামা প্রসাদ চৌধুরী লেন, রূপলাল দাস লেন, পাতলা খান লেন, ফরাশগঞ্জ লেন, ফরাশগঞ্জ রোড, উল্টিগঞ্জ লেন, মালাকারটোলা লেন, নর্থ ব্রুক হল রোড, মদন সাহ্‌ লেন, ঈশ্বর দাস লেন, হরিশ চন্দ্র বসু স্ট্রিট, প্রতাপ দাস লেন, বি কে দাস রোড, কেজি গুপ্ত লেন, জয়চন্দ্র ঘোষ লেন, প্যারিদাস রোড, গোপাল সাহা লেন, মোহিনী মোহন দাস লেন, পূর্ণ চন্দ্র ব্যানার্জি লেন, রূপচান লেন, মুন্সী হরি মোহন দাস লেন, আনন্দ মোহন দাস লেন, শ্রীশ দাস লেন, হেমেন্দ্র দাস লেন, দিবেন্দ্র দাস লেন, শুকলাল দাস লেন এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত।

তবে ফরাশগঞ্জ সড়ক বাদে সব কটি লেন সরু। কিছু লেনে পাশাপাশি দুটি রিকশা চলাচল করতে পারে না। এর মধ্যেই এই জনপদকে ঘিরে গড়ে উঠেছে পুরান ঢাকার বাণিজ্যকেন্দ্র ফরাশগঞ্জ বাজার ও শ্যামবাজার।

ইতিহাসবিদ মুনতাসীর মামুনের লেখা ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে দেখা যায়, ১৭৪০ সালে ঢাকার নায়েব নাজিম নওয়াজিশ মোহাম্মদ খান ফরাশগঞ্জে ফরাসিদের একটি গঞ্জ বা বাজার বসার অনুমতি দিয়েছিলেন। সেই থেকে এলাকাটি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে এবং ঢাকাবাসীর কাছে বাজারটি ফরাশগঞ্জ নামে পরিচিত হয়। আঠারো শতকের ত্রিশের দশকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অংশ নিয়েছিল ঢাকার বাণিজ্যে। সেই থেকে ফরাসি বণিকদের স্মৃতি বহন করছে ফরাশগঞ্জ।

বই আর বাস্তবে এখন অনেক ফারাক। এখন ফরাসি বণিকেরা নেই। দেশি ব্যবসায়ীরাই সরগরম করে রাখছেন ফরাশগঞ্জ। ফলে যানজট এই এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। আছে খাওয়ার পানির সংকটসহ নানা সামাজিক সমস্যা।

শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীর পাড়ের রাস্তাটি বন্ধ করে বসছে কাঁচাবাজার। এতে কয়েক বছর এই সড়কে যান চলাচল বন্ধ আছে। শ্যামবাজারের সব বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়।

নানা অনাচারে ম্লান হয়ে গেছে এই এলাকার সব ঐতিহ্য।

লালকুঠি: ফরাশগঞ্জ রোডের পশ্চিম মাথায় আছে ঐতিহ্যবাহী স্থাপনা লালকুঠি। ১৮৭৪ সালে ফরাশগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয়। পরে এটিকে নর্থব্রুকের নামে নামকরণ করা হয়। তবে দালানটি লাল রঙের হওয়ায় এটি লালকুঠি নামেই বেশি পরিচিতি পায়।

রবীন্দ্র গবেষক আহমেদ রফিক তাঁর বাংলাদেশে রবীন্দ্রনাথ বইতে লিখেছেন, শহুরে মানুষে কুঠির হলঘর পরিপূর্ণ ছিল। ষাটের দশকে বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র লালকুঠিতে নিয়মিত নাট্যচর্চা করতেন। পাড়াটিও সব সময় জমজমাট ছিল।

তবে লালকুঠির বর্তমান চিত্র ভিন্ন। লালকুঠির রং আর পুরোপুরি লাল নয়; বরং মলিন, বিষণ্ন। জানালার কোটরে পাখির বাসা। এখানে সেখানে ভাঙাচোরা। প্রধান ফটক দিয়ে ঢুকতেই ডান দিকে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, বাঁ দিকে ফরাশগঞ্জ ক্লাব। তবে লালকুঠির একটি বড় অংশ কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পেছনটায় আছে শতবর্ষী একটি পাঠাগার, যা জনসন হল নামে পরিচিত। তবে কোনো দর্শনার্থীর দেখা মেলেনি।

লালকুঠির ভেতর কাউন্সিলর কার্যালয়ের সামনে বসে বন্ধুদের নিয়ে গল্প করছিলেন নাজমুল হাসান (৪৫)। তিনি বলেন, আগে এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। কিন্তু এখন আর হয় না। ভবনটিতে রক্ষণাবেক্ষণেরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

রূপলাল হাউস: ফরাশগঞ্জ রোডে ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছিল একটি মনোরম অট্টালিকা, নাম রূপলাল হাউস। এটি একসময় আহসান মঞ্জিলের সঙ্গে পাল্লা দিত। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে, ফরাশগঞ্জের দুই বিত্তবান ভাই রূপলাল দাস ও রঘুনাথ দাস ১৮৪০ সালে আরাতুন নামের এক আর্মেনীয় ব্যবসায়ীর কাছ থেকে এই জায়গা কিনে কলকাতার মার্টিন কোম্পানির একজন স্থপতিকে নিযুক্ত করে রূপলাল হাউসের নির্মাণ করেন। দোতলা বাড়িটির দুটি ব্লকে বিভিন্ন আকারের ৫০টি কক্ষ ছিল। এর প্রাসাদজুড়ে কারুকাজ, সামনে বুড়িগঙ্গা—সব মিলিয়ে এই অনন্য স্থাপনাটি দেখতে দেশ-বিদেশ থেকে অনেক মানুষ আসত।

তবে অতীতের এসব ঐতিহ্য আজ শুধুই স্মৃতি। কেউ যদি বুড়িগঙ্গা তীরে ঢাকার ১১ নম্বর ফরাশগঞ্জ রোডের শ্যামবাজারে রূপলাল হাউসে যান, তিনি দেখবেন ভবনটির নাম লেখা আছে জামাল হাউস। ভবনটির বিভিন্ন স্থানের দেয়াল ভেঙে পড়েছে। ভেতরে পেঁয়াজ-রসুনসহ মসলার কারবার। ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছে পেঁয়াজ, রসুন, আদা, মরিচভর্তি ট্রাক-পিকআপ।

বিউটি বোর্ডিং: পুরান ঢাকার প্যারিদাস রোডের পাশেই শ্রীশ দাস লেন। এই লেনের ১ নম্বর বাড়িটি বিউটি বোর্ডিং। এটি একটি পুরোনো জমিদারবাড়ি, জায়গার আয়তন প্রায় ৯ কাঠা। ১৯৪৭ সালের দেশ বিভাগ-পরবর্তী সময় জমিদার পরিবারটি ভারত চলে গেলে এখানে একটি ছাপাখানা গড়ে ওঠে। পরে দেশ বিভাগের পর বাংলাবাজার এলাকা মুদ্রণ ও প্রকাশনাশিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তখন থেকেই শিল্পী-সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র হয়ে ওঠে বিউটি বোর্ডিং।

এই জমিদার বাড়ির মূল অংশটিও জরাজীর্ণ। তবে ভেতরে আছে ফুলবাগান ও খোলা জায়গা। প্রবেশের পর ডান দিকে অফিস ঘর, বাঁয়ে বিউটি বোর্ডিংয়ের খাবার ঘর। সেখানে খাওয়াদাওয়া করছেন এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন।

শ্রীশ দাস লেনের বাসিন্দা নিতাই চন্দ্র সেন বলেন, মাঝেমধ্যে কিছু দর্শনার্থী বিউটি বোর্ডিং দেখতে আসেন। কিন্তু দিনে দিনে সে সংখ্যা কমছে। অথচ আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে বেড়াতে আসতেন।

বেড়িবাঁধে কাঁচাবাজার: লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের পূর্ব অংশ পর্যন্ত (কচু ঘাট) বেড়িবাঁধ সড়কে শামিয়ানা টানিয়ে বসেছে তিন শতাধিক কাঁচামালের দোকান। এসব দোকানের কারণে এই সড়কে রিকশাও চলাচল করতে পারছে না। অথচ সড়কটির প্রস্থ প্রায় ১৫ ফুট। এ ছাড়া এসব দোকানের বর্জ্য কয়েকজন দোকানিকে বুড়িগঙ্গায় ফেলতে দেখা গেছে। এতে নদীর এই অংশে বর্জ্য স্তূপ হয়ে আছে।

গতকাল দুপুরে ঝুড়িতে করে নদীতে বর্জ্য ফেলে দোকানে ফিরছিলেন সবজিবিক্রেতা আউয়াল হোসেন। নদীতে কেন বর্জ্য ফেললেন, এমন প্রশ্ন করা হলে সঙ্গে সঙ্গে তিনি তা অস্বীকার করেন। পরক্ষণে বলেন, ‘অনেকেই নদীর পাড়ে বর্জ্য ফেলেন। তাই অল্প বর্জ্য হলে আমরাও মাঝেমধ্যে ফেলি।’

পানিসংকট: ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের প্রায় সব বাসাবাড়িতেই পানির সংকট আছে বলে অভিযোগ করেছেন এই এলাকার বাসিন্দারা। পাতলাখান লেনের বাসিন্দা আকবর হোসেন, নর্থ ব্রুক হল রোডের আতিউর রহমান বলেন, এক যুগের বেশি সময় ধরে এই এলাকায় পানির সংকট। বিষয়টি সমাধানে ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে

কাউন্সিলর আরিফ হোসেন
কাউন্সিলর আরিফ হোসেন

প্রথম আলো: আপনার ওয়ার্ডে ঐতিহ্যবাহী অনেক স্থাপনা জরাজীর্ণ। সেগুলো সংরক্ষণে আপনার বিশেষ কোনো তৎপরতা, উদ্যোগ আছে কি?
কাউন্সিলর আরিফ হোসেন: পুরান ঢাকার মধ্যে অন্যতম নান্দনিক ও গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আমার ওয়ার্ডে আছে। তবে এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। কিন্তু তাদের কোনো কার্যক্রম চোখে পড়ছে না। তবে কেউ যাতে এসব ভবন না ভাঙে বা ক্ষতি না করে, সে বিষয়ে আমরা সচেতন আছি। তারপরও এসব ভবনকে সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আহ্বান জানাই।

প্রথম আলো: বেড়িবাঁধ সড়কে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদে উদ্যোগ নেবেন?
কাউন্সিলর: গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়কে যান চলাচল করে। কিন্তু বাদামতলীতে ফলবোঝাই ট্রাক দিয়ে রাস্তাটি বন্ধ করে রাখা হয়। এতে এই সড়কে এক যুগের বেশি সময় ধরে যান চলাচল করতে পারছে না। শ্যামবাজারকেন্দ্রিক খুচরা বিক্রেতারা রাস্তাটি দখল করে রেখেছেন। তাঁদের একাধিকবার উচ্ছেদও করা হয়েছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিনি বলেন, বেড়িবাঁধ সড়ক দিয়ে অল্প সময়েই রাজধানীর চারপাশে যাওয়া যায়। তাই এই সড়কটিতে যান চলাচল চালু হলে ঢাকা শহরের যানজটও কমবে। আমার ওয়ার্ডের ঐতিহ্য দেখতেও দর্শনার্থীরা আসবে।

প্রথম আলো: শ্যামবাজারের বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। অনেক আলোচনা হয় এ নিয়ে। আপনি কোনো উদ্যোগ নেবেন?
কাউন্সিলর: এ বিষয়ে সম্প্রতি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। পরদিন শ্যামবাজার বণিক সমিতির সহযোগিতায় বর্জ্য সংগ্রহে আমরা পাঁচটি ভ্যান সার্ভিস চালু করেছি। এরপর থেকে আর কেউ নদীতে বর্জ্য ফেলে না।

প্রথম আলো: আপনার ওয়ার্ডে পানিসংকট প্রকট।

 কাউন্সিলর: এখানে পানিসংকট অনেক দিনের। তবে ইতিমধ্যে একটি পাম্প বসিয়েছি। আরেকটি পাম্প বসানোর কাজ চলছে। এটা হলে পানির অভাব আর থাকবে না।

প্রথম আলো: গত আড়াই বছরে ওয়ার্ডের কী কী উন্নয়ন করেছেন?

কাউন্সিলর: ছোট-বড় ২৬টি লেনের সমন্বয়ে আমার ওয়ার্ড। এর মধ্যে ১৬টি লেন সংস্কার করেছি। বাকিগুলো ক্রমান্বয়ে সংস্কার করব।