ঐতিহ্য তুলে ধরবেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ইনিশিয়েটিভ’ এর উদ্বোধন করছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ইনিশিয়েটিভ’ এর উদ্বোধন করছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

বাগেরহাট, পাহাড়পুরের পর এবার ময়নামতি ও লালবাগ কেল্লাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল সোমবার বিকেলে লালবাগ কেল্লায় আয়োজিত ‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ইনিশিয়েটিভ’ কার্যক্রমের উদ্বোধনীতে এ তথ্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতিমন্ত্রী জানান, লালবাগ কেল্লাকে অন্তর্ভুক্তির বিষয়ে সমস্যা আছে, এর আশপাশে বেশ কটি স্থাপত্য উঠে গেছে। ইউনেসকোর নিয়মাবলির মধ্যে রয়েছে, নির্দিষ্ট দূরত্বের মধ্যে অন্য অবকাঠামো থাকতে পারবে না। তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, অন্যান্য দেশেরও রয়েছে। তবু আমরা চেষ্টা চালিয়ে যাব।’

মোগল ঐতিহ্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লাকে যথাযথভাবে সংরক্ষণ, স্থানীয় জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরতে এবার মাঠে নামছে দেশ-বিদেশের ১৫ তরুণ। লালবাগ কেল্লাকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই আয়োজনের উদ্যোক্তা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি।

সোমবার বিকেলে লালবাগ কেল্লায় ‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ইনিশিয়েটিভ’–এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান, সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘দেশের তরুণ সম্প্রদায়ের বড় দায়িত্ব আছে, তারাই দেশ–বিদেশে বাংলাদেশের ঐতিহ্যগুলোকে তুলে ধরবে। একই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ঐতিহ্য সংরক্ষণেও ব্রতী হবে তারা।’ এ সময় তিনি বাংলাদেশের ‘টেনজিবল’ ও ‘ইনটেনজিবল’ হেরিটেজগুলোকে ক্রমান্বয়ে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রচেষ্টার কথা জানান।

 জোয়েল রেইফম্যান বলেন, ‘বাংলাদেশের তরুণেরা এগিয়ে এসেছে। তারা একে একে সব ঐতিহ্যকে তুলে ধরুক, এটাই প্রত্যাশা।’

এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি কাজী নাসরিন সিদ্দিকা বলেন, বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে নানা ক্যাম্পেইনের পর এবার তাঁরা প্রথমবারের মতো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসছেন। এরপর তাঁরা বাংলার বাউলসংগীতকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করবেন।