রাজধানী হিসেবে দীর্ঘ চার শ বছর পার করল ঢাকা। এই শহরের গৌরবময় ইতিহাসের মতো রয়েছে খাবারেরও প্রাচীন ঐতিহ্য। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকাইয়া খাবারের সঙ্গে ঘটেছে নানা দেশি খাবারের সংযোগ। এতে সমৃদ্ধ হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী খাবারের তালিকা, রসনাবিলাসে যোগ হয়েছে নতুন মাত্রা। রাজধানী ঢাকার চার শ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে গতকাল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবারের তিন দিনের মেলা। ঢাকা কেন্দ্র ও স্পেলবাউন্ডের যৌথ উদ্যোগে ‘টেস্ট অব ঢাকা-২০১০’ নামের এই আয়োজন শুরু হয়েছে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে। গতকাল প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন এবং সাংসদ আসমা জেরিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার চার শ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজিম বখ্শ এবং স্পেলবাউন্ডের প্রধান নির্বাহী সাদেকুল আরেফীন।বক্তারা নতুন প্রজন্মের কাছে ঢাকার নিজস্ব সংস্কৃতির নানা দিক তুলে ধরতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তাঁরা প্রাচীন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করতে প্রতি বছর এই ধরনের মেলা আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে রাজধানী ঢাকার ইতিহাস ও ঐতিহ্যচর্চায় বিশেষ অবদান রাখার জন্য মুনতাসীর মামুন, আখতার সরদার, অধ্যাপিকা হাবিবা খাতুন, অধ্যাপক মো. কাইয়ুম, বুলবুল ললিত কলা একাডেমি এবং ঢাকা মহানগরী সমিতিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।ঢাকা শহরের প্রায় ৫০টি বিখ্যাত খাবারের দোকান এবং রেস্তোরাঁ এই মেলায় অংশ নিয়েছে। এর মধ্যে আছে, হাজির বিরিয়ানি, নান্নার মোরগ পোলাও, শমসেরের ভুনাখিচুড়ি, হাজির মাখন তেহারি, মুস্তাকিম চপ, বাকরখানি, বিউটি লাচ্ছি ইত্যাদি। খাবারের দোকান ছাড়াও মেলার প্রাঙ্গণে রয়েছে পুরান ঢাকার আলোকচিত্র চিত্রপ্রদর্শনী। সন্ধ্যায় ছিল কাওয়ালি, ছাদ পেটানো গান, বাউল গান এবং ঢাকাইয়া চুটকি পরিবেশনাসহ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রাজধানী ঢাকার চার শ বছরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য দ্বিতীয়বারের মতো এই খাবারের মেলা আয়োজন করা হয়েছে। এর আগে ঢাকার চার শ বছর পূর্তি উদ্যাপনের প্রথম পর্যায়ে ২০০৮ সালে প্রথমবারের মতো ‘টেস্ট অব ঢাকা’ আয়োজন করা হয়েছিল।আগামীকাল শনিবার মেলার শেষ দিন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।