ঐতিহ্যবাহী ঢাকা জেলা পরিষদ ভবন ভেঙে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জনসন রোডে অবস্থিত ঐতিহ্যবাহী জেলা পরিষদ ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে ২০তলা বাণিজ্যিক ভবন করা হবে। এই ভবন ভাঙার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, মূল ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভাঙা হচ্ছে। এখানে দাপ্তরিক কাজ করাও সম্ভব হচ্ছিল না। এ কারণে কার্যালয় সাভারে স্থানান্তর করা হয়েছে। ১৮৮৫ সালে জেলা পরিষদ ভবন গড়ে ওঠে। ইট-সুরকি দিয়ে প্রথমে দোতলা পর্যন্ত নির্মাণ করা হলেও পরে আরও এক তলা বাড়ানো হয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সংরক্ষিত ৯৩টি ভবনের যে গেজেট প্রকাশিত রয়েছে, জেলা পরিষদ ভবন সে তালিকায় নেই। তবে এই তালিকার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে যেসব ঐতিহ্যবাহী ভবন স্থান পাওয়ার কথা, সেখানে জেলা পরিষদ ভবনও রয়েছে। এ ছাড়া ঐতিহাসিক কারণে সৌন্দর্যমণ্ডিত এই ভবনটি ভাঙা উচিত নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগগুলো ভবনটি রক্ষার ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। ২০তলা বাণিজ্যিক ভবন তৈরির জন্য এই ভবন ছাড়া আরও কয়েকটি ভবন ভাঙা হবে। গতকাল বিকেলে জেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধন করেছে আরবান স্টাডি গ্রুপ। মানববন্ধন থেকে ঐতিহ্যবাহী জেলা পরিষদ ভবন ধ্বংস বন্ধ করার দাবি জানানো হয়।