ওজোনস্তর ক্ষয় করে এমন পণ্যের ব্যবহার কমিয়ে বিকল্প পণ্যের ব্যবহার জনপ্রিয় করতে হবে। কারণ ওজোনস্তরের ক্ষয় বাড়তে থাকলে ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন।ওজোন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ওজোনস্তর রক্ষায় সর্বোতভাবে সুশাসনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ওজোনস্তরের গুরুত্ব ও এর ক্ষয়ের কারণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, ওজোনস্তরের জন্য অত্যন্ত ক্ষতিকারক গ্যাস সিএফসি ও এইচসিএফসি। এগুলো বেশি মাত্রায় ব্যবহূত হয় সাধারণত রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রক যন্ত্রসহ বেশ কিছু পণ্যে। বর্তমানে সিএফসি ও এইচসিএফসিবিহীন পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। মানুষকে এখন এসব পণ্য কেনা ও ব্যবহারে অভ্যস্ত হতে হবে।আলোচনা সভার আগে সকাল আটটার দিকে টিএসসি এলাকা থেকে প্রেসক্লাব পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। শোভাযাত্রায় বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, ওজোনস্তর ভূপৃষ্ঠে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির অবাধ আপাতনকে বাধা দেয়। প্রয়োজনের অতিরিক্ত এই রশ্মি মানুষের স্বাস্থ্য, প্রাণিজগৎ ও অণুজীবের ওপরে ক্ষতিকর প্রভাব ফেলে।উল্লেখ্য, ১৯৮৭ সালের এই দিনে ওজোনস্তর রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও বিজ্ঞানীদের তৎপরতায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা কানাডার মন্ট্রিল শহরে ওজোনস্তর রক্ষাসংক্রান্ত প্রটোকলে স্বাক্ষর করেন। বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকল এবং বিভিন্ন সময়ে এর যে সংশোধনী হয়েছে, তাতেও স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।সভা শেষে হাছান মাহমুদ পরিবেশের ওপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।