ওপরে দুর্গন্ধ, নিচে দুর্ঘটনার ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচারী-সেতুতে (ফুট ওভারব্রিজ) উঠলে দুর্গন্ধ আর বখাটেদের উৎপাতে টেকা যায় না। আর না উঠে নিচের সড়ক অতিক্রম করতে হয় ঝুঁকি নিয়ে।

সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া ও নিয়ে আসার বিড়ম্বনার কথা এভাবেই বললেন মিরপুর কাফরুলের বাসিন্দা ফেরদৌসী রহমান। মিরপুর ১৩ নম্বরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনবার্ড কলেজ অ্যান্ড স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে তাঁর মেয়ে নাবিলা।

ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে বছর তিনেক আগে প্রায় ৬০ লাখ টাকায় ইস্পাত কাঠামোর এই পদচারী-সেতুটি বসানো হয়েছে। বেশির ভাগ সময়ই পদচারী-সেতুটি পথচারীশূন্য থাকে। পাশেই রয়েছে স্কলাস্টিকা ও হারমেন মেইনার স্কুল। যেসব শিক্ষার্থী গাড়ি করে স্কুলে আসে, তাদের বিষয় ভিন্ন। কিন্তু যারা আশপাশের এলাকা থেকে এই তিনটি স্কুলে পড়তে আসে, তারা ও তাদের অভিভাবকদের ১৩ নম্বর প্রধান সড়ক পেরোতে গিয়ে এই বিড়ম্বনাতেই পড়তে হয়।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হারমেন মেইনার স্কুলসংলগ্ন মিরপুর প্রধান সড়কপথে এমনই আতঙ্ক নিয়ে সড়কের অন্য পাশে যান ফেরদৌসী রহমান। এক হাতে নাবিলা আর অন্য হাতে স্কুলের বই-খাতাভর্তি ব্যাগ। জানতে চাইলেই তিনি পদচারী-সেতুর অবস্থার কথা তুলে ধরেন। একই বর্ণনা দেন অপর এক অভিভাবক আবদুস সাত্তার। বলেন, ‘আপনি ওভার ব্রিজের ওপরে উঠে দেখেন। টিকতে পারবেন না। মলমূত্র ভরে আছে। ওপরে উঠলে দেখবেন, ব্রিজের এক কোণে ভবঘুরেরা শুয়ে আছে। আরেক কোণে কুকুর। মাদকাসক্তও পাবেন।’

তাঁর কথা অনুযায়ী ওপরে উঠে নাকে রুমাল চাপা দিতে হলো। শুধু মলমূত্র নয়, ছেঁড়া স্যান্ডেল, গাড়ির ক্ষয়ে যাওয়া টায়ার, পচা পলিথিন আর বিবর্ণ হয়ে যাওয়া চটের বস্তা। তিনজন তরুণ চুপচাপ বসে আছে। চোখ লাল, মেলতে পারছে না। নিচের সড়ক থেকে এসব দৃশ্য দেখার উপায় নেই। ভয়ংকর পরিবেশ।

হারমেন মেইনারে পড়ে আবদুল আজিজ নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার নাতি। আবদুল আজিজ থাকেন সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠের কাছে। বললেন, নাতির ছুটি হওয়ার আগেই তিনি চলে আসেন। পদচারী-সেতুতে উঠলেও বিপদ, নিচে দিয়ে এলেও বিপদ।

১৩ নম্বর সেকশনের পদচারী-সেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে। যোগাযোগ করা হলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, অনেক পথচারী পদচারী-সেতুতে উঠতে আগ্রহী নন।