ওমানফেরত মুসা ৬ দিনের রিমান্ডে
রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও ওমান থেকে দেশে ফিরিয়ে আনা সুমন সিকদার ওরফে মুসাকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামি সুমন শিকদারকে আদালতে হাজির করে ১৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে আদালতে বলা হয়, প্রাথমিকভাবে মুসা জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অপর আসামি শুটার মাসুম মোহাম্মদ আকাশ ও নাসির উদ্দিনের স্বীকারোক্তিতে মুসার নাম উঠে এসেছে। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে সুমন সিকদারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মুসা ওমানে গ্রেপ্তার হন। গতকাল বৃহস্পতিবার তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে তাঁকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
এদিকে আজ এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুসা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শুটার মোহাম্মদ মাসুম ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে তাঁর দেওয়া জবানবন্দিতে মূল পরিকল্পনা ও সমন্বয়কারী হিসেবে মুসাকে উল্লেখ করেন। তার পর থেকেই তাঁকে আমরা খুঁজছিলাম।’
হাফিজ আক্তার আরও বলেন, ‘জাহিদুলকে হত্যার পরিকল্পনা করে ঘটনার আগেই সুমন সিকদার দেশ ছেড়ে পালিয়ে যান। আমরা তদন্তের একপর্যায়ে জানতে পারি, তিনি ওমানে অবস্থান করছেন। তখন আমরা ওমানে ইন্টারপোল এনসিবির সঙ্গে যোগাযোগ করি। ওমান পুলিশ মুসাকে আটক করার পর আমাদের এসকর্ট পাঠিয়ে নিয়ে আসার জন্য বলে। তখন ডিবির মতিঝিল বিভাগের দুজন এডিসি ও পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ডেস্কের একজন সহকারী কমিশনারকে ওমান পাঠানো হয়। তাঁরা গতকাল মুসাকে নিয়ে দেশে ফেরেন।’
মুসা রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী প্রকাশ-বিকাশ গ্রুপ ও মানিক গ্রুপের সদস্য। তিনি মতিঝিল এজিবি কলোনিতে যুবলীগ নেতা রিজভী হাসান ওরফে বোঁচা বাবু হত্যা মামলার অন্যতম আসামি। রিজভী হাসান হত্যা মামলার বাদী তাঁর বাবা আবুল কালাম। আবুল কালাম জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রিজভী হত্যা মামলা মিটমাটের জন্য মুসাসহ আসামিরা জাহিদুলের কাছে গিয়ে ব্যর্থ হন। পুলিশ ও র্যাব কর্মকর্তা বলছেন, অপরাধজগৎ ও দলীয় প্রতিপক্ষ জাহিদুলকে খুন করতে রিজভী হত্যা মামলার আসামিদের ব্যবহার করা হয়েছে।
দলীয় ও অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতিও (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তিন থেকে চার মাস আগে জাহিদুল হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে বিকাশ-প্রকাশ গ্রুপের অন্যতম খুনি সুমন সিকদারের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি করেন মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক। এর মধ্যে প্রথমে মুসাকে ৯ লাখ টাকা দেন ওমর ফারুক। ১২ মার্চ টাকা নিয়ে দুবাই চলে যান মুসা।