ওয়াটার রকেট প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগী
জাপানের টোকিওতে অনুষ্ঠেয় এবারের এশিয়া প্যাসিফিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের চার প্রতিযোগী। বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার রওনা দিচ্ছে।
বাংলাদেশসহ ১৯টি দেশ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ নভেম্বর। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (বিএএস) উদ্যোগে ২০০৭ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
গতকাল বুধবার রাজধানীর বেসিস মিলনায়তনে বিএএস আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলো রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদ বিন হাসান, স্যার জন উইলসন স্কুলের ফারদিম মুনির ও ইমতিয়াজ আহমেদ এবং অরণি বিদ্যালয়ের মনন মাহমুদ।
সংবাদ সম্মেলনে বিএএসের সভাপতি অধ্যাপক এ আর খান বলেন, ওয়াটার রকেট প্রতিযোগিতা শুধু খেলা নয়। খেলার মাধ্যমে শিশুদের আসল রকেট বানানোর স্বপ্ন দেখানো হয়।
প্রতিযোগীদের সঙ্গে যাচ্ছেন দলনেতা মো. মোফাক্ষেরুল ইসলাম, শিক্ষক ওয়াহিদুজ্জামান এবং পর্যবেক্ষক মুহম্মদ ফয়সল মোস্তফা হাসেম।
এবারের আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), লা রিভ ও টেক শহর ডট কম। ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে ওয়াটার রকেট উৎক্ষেপণ করা হয়।