ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুলকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মনিরুজ্জামান সুমন ও মো. ইমন। গতকাল শুক্রবার কুমিল্লার বরুড়ার আমড়াতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানায়। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকা থেকে দুটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, গত ১৫ মে খিলগাঁও ফ্লাইওভারের নিচে রেমন্ড টেইলার্সের সামনের রাস্তায় মনিরুজ্জামান সুমন ও তাঁর সহযোগীরা সাইফুল ইসলামকে গুলি করে হত্যার চেষ্টা করেন। তাঁরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলিবিদ্ধ সাইফুল একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা হয়।
গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, সুমন ও সাইফুল একসঙ্গে রাজনীতি করতেন। সাইফুল ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর তাঁদের সম্পর্কে ফাটল ধরে। এরপর তাঁরা আলাদা গ্রুপ তৈরি করে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। স্থানীয় যুবক বাশার হত্যার ঘটনায় করা মামলায় সাইফুল দীর্ঘদিন কারাগারে ছিলেন। বাশার স্থানীয় রিপন গ্রুপের সদস্য ছিলেন।
সাইফুল কারাগারে থাকায় সুমন ও রিপন গ্রুপ এলাকায় একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়। সাইফুল জামিনে বের হলে সুমন ও রিপন গ্রুপের আধিপত্য কমে আসে। এ কারণে দুই গ্রুপ একত্র হয়ে সাইফুলকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এই দুজন ছাড়াও এ মামলায় ৯ আসামির মধ্যে মঞ্জুরুল ইসলাম, রাসেল তালুকদার, উজ্জ্বল তালুকদার ও আমির হোসেন নামে চারজন কারাগারে আছেন।